তিস্তার মাধ্যমে প্রমাণ করব, আমরা প্রকৃত বন্ধু: সালমান খুরশিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত ভারতের আইন, বিচার ও সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, তাঁর সরকার বাংলাদেশের সঙ্গে বহুল আলোচিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়টি সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, তিস্তার পানি বণ্টন ইস্যু সমাধানের মাধ্যমে প্রমাণ করব, আমরা আপনাদের প্রকৃত বন্ধু।’আজ শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎকালে সালমান খুরশিদ এ কথা বলেন। খবর বাসসের। বৈঠককালে সালমান খুরশিদ রাষ্ট্রপতিকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সীমান্ত এবং পানি বণ্টন ইস্যু সমাধানের ওপর তার দেশ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, শুধু ক্ষমতাসীন কংগ্রেসই নয়, ভারতের অন্যান্য প্রধান রাজনৈতিক দলও শিগগিরই তিস্তার পানি বণ্টন ইস্যু সমাধানে আগ্রহী।ভারতের আইনমন্ত্রী আরও বলেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে স্বাক্ষরিত সব চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য তাঁর সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।ভারতীয় মন্ত্রী বলেন, তাঁর সরকার ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ সব জাদুঘর আধুনিকায়নের জন্য বাংলাদেশ সরকারকে সহায়তা করতে আগ্রহী।রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভারতীয় মন্ত্রী ও তাঁর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের প্রধান বিশ্বস্ত বন্ধুদের অন্যতম ভারত।রাষ্ট্রপতি বাংলাদেশি পণ্যসামগ্রীর শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে প্রতিবেশী দুটি দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাবে।রাষ্ট্রপতি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে ভারত সরকারের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় জনগণের সমর্থন ও সাহায্যের কথা কখনো ভুলে যাবে না।’সাক্ষাত্কালে সালমান খুরশিদের সঙ্গে ছিলেন ভারতের পার্লামেন্ট সদস্য ভোলা সিং ও শ্রী চোঙ্গসেন মঙ্গকোসুঙ্গকাম চ্যাং এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ।রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লি¬ষ্ট সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন।উল্লে¬খ্য, ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী এবং ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের ৯০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে এসে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের কেন্দ্রীয় আইনমন্ত্রী সালমান খুরশিদ।