তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন এবং নদীগুলোর পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে ইতিবাচক অগ্রগতি আশা করছে বাংলাদেশ ও ভারত। আজ সোমবার থেকে শুরু হওয়া যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের বৈঠকের সময় দুই দেশের কর্মকর্তারা এ আশার কথা জানিয়েছেন। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠক শুরু হয়। দুই দিনের এ বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পানিসম্পদসচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান। অপরদিকে ভারতের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন সে দেশের পানিসম্পদসচিব উমেশ নারায়ণ পাঁজিয়ার।প্রথম দিনের বৈঠক শেষে বাংলাদেশের পানিসম্পদসচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান বলেন, ‘অনেক দিন পর আলোচনা শুরু হয়েছে, এটি একটি শুভ সূচনা। তিস্তার পানি বণ্টন, ফেনী, ইছামতীসহ কয়েকটি নদী পুনঃ খননসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে আমরা আলোচনা করব।’ তিস্তার পানি বণ্টন চুক্তির অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘আলোচনা তো মাত্র শুরু হয়েছে। আগামীকালও এ আলোচনা চলবে। আলোচনা শেষে আমরা ইতিবাচক ফল দেখতে পাব বলে আশা করছি।’ ভারতের পানিসম্পদসচিব উমেশ নারায়ণ পাঁজিয়ার বলেন, ‘অভিন্ন নদীর পানি বণ্টন এবং নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা আশাবাদী যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে।’ তিস্তার পানি বণ্টন চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান।