তিস্তায় আপত্তি থাকলে আগেই বলা উচিত ছিল মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানি বণ্টন চুক্তির বিরোধিতা করে বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গী না হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কলকাতার রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তৃণমূল কংগ্রেস অবশ্য মমতার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল চক্রবর্তী বলেন, তিস্তা চুক্তি নিয়ে আপত্তি থাকলে মুখ্যমন্ত্রী আগে বলতে পারতেন। প্রধানমন্ত্রী গোটা দেশের প্রতিনিধি। মমতার এ ঘোষণায় মুখটা পুড়ল দেশেরই। সিপিআইয়ের নেতা সাংসদ গুরুদাস দাসগুপ্ত বলেন, মমতার এ ঘোষণা কেবল দেশের মানুষের কাছে নয়, বিদেশের কাছেও একটা ভুল বার্তা গেল।রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব বলেছেন, এ চুক্তি হলে উত্তরবঙ্গের জেলাগুলোতে নেতিবাচক প্রভাব পড়ত। শুকনো মৌসুমে খরার মুখে পড়ত উত্তরবঙ্গ। তবে কংগ্রেস নেতৃত্ব মমতার সফর বাতিল এবং তিস্তা চুক্তির বিরোধিতা করাকে ভালোভাবে নেয়নি। কংগ্রেস বলেছে, মমতার বাংলাদেশে যাওয়া উচিত ছিল।বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, জাতীয় স্বার্থকে রক্ষা করেই তিস্তা পানি বণ্টন চুক্তি হওয়া উচিত। এটি কোনো একটি রাজ্যের নয়, জাতীয় বিষয়। চুক্তি করার আগে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আলোচনা হওয়া উচিত। কথা বলা উচিত বিরোধী দলের সঙ্গেও।সিপিআইয়ের রাজ্য সম্পাদক মঞ্জু কুমার মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী আগে খসড়া চুক্তি নিয়ে বিরোধীদের সঙ্গে কথা বললে ভালো হতো। এ চুক্তি ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত। চুক্তি করার আগে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করে তাঁদের পরামর্শ নেওয়া উচিত রাজ্য সরকারের।ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজ আলম সইরানী বলেন, ‘আমরা চুক্তির ব্যাপারে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠকের দাবি জানাচ্ছি।’ আবার বামফ্রন্টের শরিক আরএসপির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুভাষ নস্কর মমতার ভূমিকার প্রশংসা করে বলেন, এখন মুখ্যমন্ত্রী মমতা সর্বদলীয় বৈঠক ডাকলে ভালো হয়।কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায় বলেন, ‘চুক্তি নিয়ে যেন দুই দেশে ভুলবার্তা না যায়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তবে চুক্তি সম্পাদনে রাজ্য সরকারের যথাযথ ভূমিকা থাকা উচিত।’ বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, যেভাবে পানি বণ্টন চুক্তি হতে যাচ্ছিল, তাতে এ চুক্তির পরিণাম হতো সর্বনাশা। উত্তরবঙ্গের চাষিরা শুকনো মৌসুমে পানি পেতেন না।মমতার বাংলাদেশ সফর বাতিলের কারণে ভারত সরকার শেষ পর্যন্ত তিস্তার পানি বণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যস্থতায় পরে দুই দেশের স্বার্থ রক্ষা করে তিস্তার পানি বণ্টন চুক্তি হবে বলে সাধারণ মানুষ আশাবাদী। তাদের কথা, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনোভাবেই দুর্বল করা যাবে না।