কারা সংস্কারবিষয়ক সম্মেলনে কিরণ বেদি
তিহার কারাগারে পরিবর্তন আনতে সরকারের এক পয়সাও লাগেনি
‘ভারতের আলোচিত তিহার কারাগারের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ব্রত নিয়েছিলাম, ছয় মাসের মধ্যেই কারাগারটিকে আশ্রমে পরিণত করব। এখানকার পরিবেশে কারাবন্দীদের জীবন এমনভাবে পাল্টে দেব, যাতে তাদের একজনও আবার কারাগারে না ফেরে। কারাগারটিতে গুণগত পরিবর্তন আনতে আমাকে সরকারের একটি পয়সাও খরচ করতে হয়নি।’দিল্লির তিহার কারাগারে সংস্কারের অভিজ্ঞতা বর্ণনা করতে কথাগুলো বলেছেন ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ী ভারতীয় পুলিশের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারা সংস্কার বিশেষজ্ঞ কিরণ বেদি। গতকাল বুধবার ঢাকায় এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘কারাগারে আটক ও ভুলে যাওয়া’ শীর্ষক কারা সংস্কারবিষয়ক দুই দিনের এই সম্মেলনের আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্মেলন আয়োজনে সহায়তা করেছে জার্মান সাহায্য সংস্থা জার্মান টেকনিক্যাল কো-অপারেশন (জিটিজেড), ব্র্যাক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং মাদারীপুর লিগ্যাল এইড।উদ্বোধনী অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘কারাগারে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ কারাবন্দী থাকার বিষয়টি একটি হতাশার ছবিই ফুটিয়ে তুলছে। বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতার কারণে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি বন্দীকে কারাগারে আটক থাকতে হচ্ছে। তাই নতুন কারাগার নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। বিষয়টি বিবেচনায় এনে ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯১-এর সংস্কারের উদ্যোগ নিয়েছি। এ ছাড়া আদালতের বাইরে গিয়ে আপসের মাধ্যমে বিরোধ মীমাংসার বিকল্প পথ নিয়ে সরকার বিবেচনা করছে। কারণ আলোচনার মাধ্যমে মীমাংসা হলে সমস্যার সমাধান হবে। সেই সঙ্গে বিবদমান গোষ্ঠীগুলোর সম্পর্কও ভালো হবে।’আইনমন্ত্রী বলেন, শিশুদের যেন কারাগারে যেতে না হয়, সে জন্য পুলিশ বললেও তাদের বয়স যাচাই করে দেখতে বিচারক ও কারা কর্মকর্তাদের যত্নবান হতে হবে। সেই সঙ্গে নিরপরাধ ব্যক্তিকে যেন কারাগারে আটকে থাকতে না হয়, সে ব্যাপারেও সংশ্লিষ্ট ব্যক্তিদের মনোযোগ দিতে হবে।স্থান সংকুলানের অভাবে কারাগারগুলোতে ধারণক্ষমতার অনেক বেশি কারাবন্দী থাকার বিষয়টি স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি বলেন, বিনা বিচারে আটকে থাকা লোকজনকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্তব্যে অবহেলার কারণে নিরপরাধ কাউকে কারাভোগ করতে হলে তদন্তের মাধ্যম্যে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়।স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার বলেন, ২০০৭ সালে কারাবন্দীর সংখ্য ৮৫ হাজার হলেও এখন তা প্রায় ৭০ হাজারে নেমে এসেছে। এ সংখ্যাও কারাগারের ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি।কারা মহাপরিদর্শক আশরাফুল ইসলাম খান বলেন, বর্তমানে সারা দেশের কারাগারগুলোতে ২৮ হাজার ৯৬৯ জন কারাবন্দী রাখার ব্যবস্থা রয়েছে। কিন্তু কারাবন্দী আছেন ৭০ হাজার ৩২৭ জন। এসব কারাবন্দীকে দেখাশোনার দায়িত্বে আছেন আট হাজার ৬০৪ জন কর্মকর্তা ও কারারক্ষী। আনুপাতিক হিসাব অনুযায়ী, ১২ জন কারাবন্দীর জন্য দুজন কারারক্ষী রয়েছেন।জাতিসংঘের সাবেক মহাসচিবের পুলিশবিষয়ক উপদেষ্টা কিরণ বেদি মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিহার কারাগারে চালানো সংস্কার প্রক্রিয়ার অভিজ্ঞতার আলোকে। ৩৫ মিনিটের ওই উপস্থাপনার সময় তিনি ফিরে যান প্রায় দুই দশক আগে। তিনি বলেন, ‘১৯৯৩ সালে তিহার কারাগারের মহাপরিদর্শক হওয়ার সুযোগ এলে আমি তা লুফে নিলাম। এ সময় আমার সহকর্মীরা মন্তব্য করলেন, আমি ডুবতে যাচ্ছি। প্রায় ১০ হাজার কারাবন্দীর ওই কারাগারে গিয়ে আমার কিছু করার থাকবে না। কিন্তু কিছু একটা করার তাগিদ তো আমার ছিলই। আর তা করতে হলে লক্ষ্য ঠিক করতে হয়। আমি ঠিক করেছিলাম, তিহার কারাগারকে আশ্রম বানাব, যাতে কোনো কারাবন্দী আর এখানে না ফেরে।’আপ কা কাচারি নামের একটি টিভি অনুষ্ঠানের উপস্থাপক কিরণ বেদি বলেন, ‘মাত্র ১০ টাকা খরচ করে একটি অভিযোগ বাক্সের ব্যবস্থা করেছিলাম। এ সময় কয়েদিদের নিজেদের অভিযোগ ও মত প্রকাশ করতে বলেছিলাম। প্রয়োজনে অভিযোগকারীর পরিচয় গোপন রেখে অভিযোগ জানাতে বলেছিলাম। বাক্সের চাবিটি থাকত আমার কাছে। রোজ বিকেলে বাক্স খুলে অভিযোগ যাচাই করে দেখা হতো। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাড়ি ফিরতাম। এ ছাড়া রোজ সকালে কারাবন্দীদের কাছে গিয়ে তাদের মনোভাব বোঝার চেষ্টা করতাম।’কিরণ বেদি বলেন, ‘আইনি সহায়তার জন্য যে পঞ্চায়েত-ব্যবস্থা চালু করেছিলাম, তার ফল ছিল অভূতপূর্ব। কারণ ওই পঞ্চায়েতের মাধ্যমে অনেকে আদালতের কাছে মুক্তির আবেদন জানায় এবং বাড়ি ফেরে। কারাবন্দীদের শিক্ষার জন্য বইসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও এবং দূতাবাসের কাছ থেকে পেয়েছিলাম। সব মিলিয়ে সংস্কারকাজে সরকারের একটি টাকাও খরচ করিনি। হয়তো এ জন্যই আমাকে কাজ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়নি।’তাঁর অভিজ্ঞতা বাংলাদেশের কারাগারগুলোতে কাজে লাগানোর প্রসঙ্গে সাবেক এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রতিবেশী দেশ হওয়ায় আমাদের মধ্যে অনেক মিল আছে। কাজেই তিহারের অভিজ্ঞতা এখানে কাজে লাগানো যেতে পারে। তবে এটা ভুলে গেলে চলবে না কোনো দৃষ্টান্ত প্রয়োগের সময় দেশীয় প্রেক্ষাপট বিবেচনা করে নিজস্ব পদ্ধতি উদ্ভাবন করা উচিত।’উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকায় জার্মান রাষ্ট্রদূত হোলগার মাইকেল।