তীব্র অপুষ্টিতে বছরে ৬৫ হাজার শিশুর মৃত্যু
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) হিসাব ও বিশেষজ্ঞদের মতে, তীব্র অপুষ্টির কারণে দেশে প্রতিবছর প্রায় ৬৫ হাজার শিশু মারা যায়। পাঁচ বছরের কম বয়সী পাঁচ লাখ শিশু বর্তমানে তীব্র অপুষ্টির শিকার। রাজধানীর হাতেগোনা কয়েকটি হাসপাতাল ছাড়া এসব শিশুর চিকিৎসার কোনো ব্যবস্থা নেই।সরকারি ব্যবস্থাপনায় শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শিশু হাসপাতালে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুরা চিকিৎসা পায়। এর বাইরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও আদ্-দ্বীন হাসপাতালে এসব শিশুর চিকিৎসা হয়।বিশেষজ্ঞরা বলছেন, অপুষ্টির প্রকোপ বরিশাল বিভাগসহ উপকূল এলাকায় বেশি। বরিশাল বিভাগে অপুষ্টি চিকিৎসার কোনো প্রতিষ্ঠান নেই। কার্যত রাজধানীর বাইরে এ বিষয়ে হাসপাতাল ও প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী নেই। সাধারণ মানুষও এ ব্যাপারে যথেষ্ট সচেতন নয়।আইসিডিডিআরবির জ্যেষ্ঠ গবেষক এস কে রায় প্রথম আলোকে বলেন, বাংলাদেশে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুরা সেবা না পেয়ে মারা যাচ্ছে। কিছু শিশু হাসপাতাল পর্যন্ত পৌঁছায়। কিন্তু চিকিৎসকেরা তীব্র অপুষ্টি সম্পর্কে যথেষ্ট সচেতন নন। অন্য রোগীর মতোই সেবা দেওয়া হয় এই শিশুদের। এটা বিপজ্জনক।এ ব্যাপারে সরকারের জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ফাতিমা পারভীন চৌধুরী বলেন, সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার শর্ত মেনে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসায় একটি নির্দেশিকা তৈরি করেছে। সে অনুযায়ী চিকিৎসকদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে ক্রমশ।কারা তীব্র অপুষ্টির শিকার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তীব্র অপুষ্টিতে ভোগা শিশুর মধ্যে চারটি লক্ষণ দেখা যায়। ছয় মাসের কম বয়সী শিশুদের খুবই ক্ষীণকায় মনে হবে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যবাহু শীর্ণকায় হয়, উচ্চতা অনুযায়ী ওজন কম হয়। অনেক ক্ষেত্রে শিশুর হাতে-পায়ে পানি জমে। এর একটি লক্ষণ থাকলেও শিশুটি তীব্র অপুষ্টিতে ভুগছে বলে ধরে নেওয়া যায়।চিকিৎসাব্যবস্থার ত্রুটি: বাবা-মা, আত্মীয়স্বজন এমনকি স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মধ্যেও সচেতনতা না থাকায় অপুষ্টির সমস্যা নিয়ে কেউ হাসপাতালে আসেন না। তীব্র অপুষ্টিতে ভোগা শিশুরা সাধারণত ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট বা কোনো সংক্রমণে ভুগে হাসপাতালে আসে। শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়ার চিকিৎসা নিয়েই বাড়ি ফিরে যায়। সুচিকিৎসা নিশ্চিত হয় না।ঢাকা শিশু হাসপাতালে ছয় মাসের শিশুকে নিয়ে আসা এক মায়ের সঙ্গে কথা হয়। তিনি জানান, শিশুটির হাতে-পায়ে-মুখে পানি জমে গেছে। পরিবারের লোকজন মনে করেছিলেন শিশুর স্বাস্থ্য ভালো হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হলে তাঁরা শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসকেরা জানান, বুকের দুধ না খাওয়ানোয় শিশুটি তীব্র অপুষ্টিতে ভুগছে।বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান সৈয়দ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, এসব শিশুর চিকিৎসার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত বিশেষ খাবার দিতে হয়। সেই খাবারের সরবরাহ তাঁদের হাসপাতালে নেই। এ ধরনের শিশুকে কমপক্ষে তিন সপ্তাহ হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হয়। তাই জরুরি জটিল রোগ নিয়ে কোনো শিশু এলে তীব্র অপুষ্টির শিকার শিশুকে সরিয়ে দেওয়া হয়।ঢাকা শিশু হাসপাতালের উপপরিচালক এ এইচ এস কে আলম বলেন, চিকিৎসা দিয়ে ওজন বাড়িয়ে শিশুদের ছেড়ে দেওয়া হয়। তবে তারা আবারও বাড়ি ফিরে রোগে ভোগে।গ্রামপর্যায়ে চিকিৎসাব্যবস্থা চালু করা দরকার: ইউনিসেফের পুষ্টিবিদ মো. মহসীন আলী প্রথম আলোকে বলেন, গ্রামের স্বাস্থ্যকর্মীরা প্রশিক্ষণ পেলে তীব্র অপুষ্টির শিকার শিশুদের চিহ্নিত করতে পারবেন। এই শিশুদের চিকিৎসায় প্যাকেটজাত খাবার সরবরাহ করা যায়। তবে এ ধরনের খাবার বিদেশ থেকে আমদানি করতে হবে এবং এর দামও বেশি। তিনি বলেন, দেশে কী করে স্বল্পমূল্যে এই খাবার তৈরি করা যায়, তা নিয়ে আরও গবেষণার সুযোগ আছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান এখলাসুর রহমান দেশীয় উপাদান দিয়ে বিশেষ ধরনের খাবার তৈরি করে শিশুদের খাইয়েছেন। এতে বেশ ভালো ফল পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন। তাঁদের উদ্ভাবিত খাবারটি চীনাবাদামে তৈরি, খরচও তুলনামূলকভাবে কম।