তীব্র ঠান্ডায় আক্রান্ত বোরোর চারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েক দিনের শৈত্যপ্রবাহে বগুড়া, ফরিদপুর ও রংপুরের পীরগাছা উপজেলায় বোরো ধানের চারা তীব্র ঠান্ডায় আক্রান্ত (কোল্ড ইনজুরি) হয়ে মরে যাচ্ছে। এ অবস্থায় চলতি মৌসুমে বোরোর আবাদ নিয়ে কৃষকের মধ্যে শঙ্কা বিরাজ করছে। বগুড়া: ১২ ডিসেম্বর থেকে বগুড়ায় শৈত্যপ্রবাহ চলছে। বিভিন্ন উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শৈত্যপ্রবাহ চলাকালে বপন করা তাঁদের বোরো ধানের অনেক বীজ নষ্ট হয়ে গেছে। এসব বীজে অঙ্কুরোদ্গম হয়নি। আবার চারা গজানোর পর অন্তত ৭০ শতাংশ বীজতলায় চারা হলুদ হয়ে গেছে। সারিয়াকান্দি উপজেলার শেখাহাতি গ্রামের কৃষক ফসিউদ্দিন মণ্ডল বলেন, এক মাস আগে তিনি দুই বিঘা জমিতে বীজ বপন করেন। কিন্তু তাঁর এক বিঘা বীজতলায় ধানের চারা হলুদ হয়ে গেছে। বীজতলার কোনো কোনো অংশে চারা মরে যাচ্ছে। গাবতলী উপজেলার উঞ্চুকী গ্রামের কৃষক মামদুর রহমান বলেন, ‘ঠান্ডার মধ্যে বীজতলা তৈরি করে বীজ ফেলেছি। গিয়ে দেখি বীজতলার বেশির ভাগ চারা মরে গেছে। আবার বীজ ফেলতে হবে।’একই এলাকার কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘বাহে ছয় বিঘা জমি লাগান (রোপণ) লাগবে। বিছনের (বীজধানের চারা) যে অবস্থা দেখছি, তাতে মনে হয় অর্ধেক জমিও লাগাতে পারব না। বিছন নিয়ে খুব চিন্তায় আছি বাহে।’ শৈত্যপ্রবাহ চলাকালে বীজতলায় বীজ বপন না করার পরামর্শ দিয়ে বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল আমিন বলেন, গাবতলী, কাহালু, শিবগঞ্জ এলাকার কৃষকেরা বাণিজ্যিকভাবে প্রায় ১৫০ হেক্টর জমিতে বোরো বীজ বপন করেছেন। আবদুল্লাহ আল আমিন বলেন, গত কয়েক দিনের শৈত্যপ্রবাহে এ জেলার অন্তত ৬০ হেক্টরের মতো বীজতলায় চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে এই জেলার কৃষকদের নতুন করে বীজ কিনে তা বপন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।বগুড়া কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে এ জেলায় নয় হাজার ৩৩৫ হেক্টর বীজতলায় বীজ বপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু বীজ বপন করা হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মোট নয় হাজার ৫৮০ হেক্টর জমিতে। ফরিদপুর: মধুুখালী উপজেলার পূর্ব আড়পাড়া গ্রামের অরবিন্দ বিশ্বাস (২৫) বলেন, ‘আমি ২৫ একর জমিতে ধান, দুই একর জমিতে রসুন ও এক একর জমিতে পেঁয়াজের আবাদ করেছি। কিন্তু তীব্র শীত ও কুয়াশার কারণে ৫০ শতাংশ জমির ধানের চারা নষ্ট হয়ে গেছে। এ ছাড়া পেঁয়াজ ও রসুনের অধিকাংশ চারাই খেতের মধ্যে বসে গেছে।’একই উপজেলার কলইকান্দা গ্রামের কৃষক সঙ্কোচ কুমার বিশ্বাস (৩২) বলেন, ‘দুই একর জমিতে বোরো, পেঁয়াজ ও রসুনের আবাদ করেছি। কিন্তু বোরো ধানের চারা ৫০ শতাংশ হলুদ হয়ে গেছে। ফলে এ বছর ফলন নিয়ে খুব সংকটে পড়তে হবে।’ একই গ্রামের নির্মল কুমার বিশ্বাস (৬৫) বলেন, ‘আমার প্রায় সাড়ে সাত একর জমির বোরো ধানের চারার ৪০ থেকে ৪৫ শতাংশ মরে গেছে।’জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি রবি মৌসুমে ফরিদপুরে ৩৬ হাজার ৭৬৮ হেক্টর জমিতে এক লাখ ৩৯ হাজার ৮০২ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তীব্র ঠান্ডায় আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত শস্যের হিসাব এখনো নিরূপণ করেনি।পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছা উপজেলা কৃষি সম্প্র্রসারণ কার্যালয়ের সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়নে সাড়ে ১৬ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের জন্য তিন হাজার ৫০০ হেক্টর বীজতলায় বীজ বপন করা হয়েছে। গত কয়েক দিনের অব্যাহত তীব্র শীত ও ঘন কুয়াশায় উপজেলার কৈকুড়ী, কান্দি ও পীরগাছা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বোরো ধানের চারা হলুদ বর্ণ ধারণ করে নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকেরা বলেন, হাইব্রিড ও বিআর-২৮ ও বিআর-২৯ জাতের ধানের চারা বড় হতে ৩৫ থেকে ৪০ দিন সময় লাগে। এ সময়ের মধ্যে প্রায় ৪০ শতাংশ বীজতলার চারা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।উপজেলার মনিরামপুর গ্রামের কৃষক মুকুল মিয়া, তরিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম বলেন, নানা প্রকার ওষুধ প্রয়োগ করেও বীজতলায় সদ্য গজিয়ে ওঠা বোরো চারা রক্ষা করা যাচ্ছে না। কৃষি বিভাগের পরামর্শ তীব্র শীতের কবল থেকে বোরো চারা রক্ষায় কৃষকদের পরামর্শ দিয়েছেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম কিবরিয়া।গতকাল রোববার তিনি প্রথম আলোকে বলেন, প্রতিদিন সকালে রশি টেনে ধানের চারায় আটকে থাকা শিশির ঝরাতে হবে। আক্রান্ত বীজতলায় বিকেলে পানি দিয়ে সকালে তা অপসারণ করতে হবে। এ ছাড়া রাতে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে হবে। পরিমাণমতো ছত্রাকনাশক রাসায়নিক ওষুধ প্রয়োগ করতে হবে। যেসব গাছ মরে গেছে, সেগুলোর জায়গায় নতুন চারা রোপণ করতে হবে।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, বগুড়া, ফরিদপুর অফিস ও পীরগাছা (রংপুর) প্রতিনিধি]