তীব্র তাপদাহ ও বিষাক্ত ধোঁয়ায় মস্কোতে মৃতের হার দ্বিগুণ
রাশিয়ার রাজধানী মস্কোয় তীব্র তাপদাহ ও দাবানলের ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। বিষাক্ত ধোঁয়ার কারণে মারাত্মক পরিবেশ দূষণের ফলে গতকাল সোমবার কয়েক লক্ষাধিক মানুষ রাজধানী ত্যাগ করেছে। স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।মস্কোর স্বাস্থ্য নিয়ন্ত্রণ দপ্তরের প্রধান কর্মকর্তা আন্দ্রেই সেলতসোভস্কি জানিয়েছেন, সাধারণ সময়ে রাজধানীতে প্রতিদিন স্বাভাবিক মৃত্যু ঘটত ৩৬০ থেকে ৩৮০ জন মানুষের। দাবানলের ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় মস্কোর আকাশ ছেয়ে যাওয়ার পর এই হার প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। তিনি আরও বলেন, দাবানলের ফলে সৃষ্ট ধোঁয়া কার্বন মনোক্সাইডে পরিপূর্ণ, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।এদিকে রাশিয়ার স্থানীয় দৈনিক নোভায়া গেজেটা মস্কোর এক চিকিৎসকের বরাত দিয়ে জানায়, মস্কোর হাসপাতালগুলোয় মারাত্মক অসুস্থ রোগী ছাড়া কাউকে ভর্তি করা হচ্ছে না।