তীব্র যানজট নগরজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র যানজটে গতকাল মঙ্গলবার প্রায় থমকে ছিল রাজধানীর প্রধান সড়কগুলো। বেলা ১১টা থেকেই রাজধানীর সিগন্যালগুলোতে গাড়ির সারি বাড়তে থাকে। দুপুরের দিকে প্রায় থমকে যায় অনেকগুলো প্রধান সড়ক। বিকেলে প্রায় প্রতিটি সিগন্যালেই ছিল অস্বাভাবিক যানজট।ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির কারণে গাড়ির গতি ধীর হয়ে গেছে। অনেক জায়গায় পানি জমেও যান চলাচলে বাধার সৃষ্টি হয়েছে। এ ছাড়া গুলিস্তান-যাত্রাবাড়ী এলাকায় ফ্লাইওভার তৈরির কাজ চলছে। রাস্তাগুলো এমনিতেই সংকীর্ণ ও এবড়োখেবড়ো। তার ওপর বৃষ্টির কারণে প্রচণ্ড কাদা হয়, গর্তগুলোও বোঝা যায় না। এ কারণে ওই সব এলাকায় যানজট প্রকট হয়েছে। দুপুরে নিউমার্কেট এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে রেখেছিলেন ভাসমান ব্যবসায়ীরা। এর ফলেও যানজট ছড়িয়েছে নগরজুড়ে।নিউমার্কেট থানার পুলিশ জানায়, ঈদের আগে নিউমার্কেট এলাকার সড়কগুলোতে রিকশা চলাচলের দাবিতে ভাসমান ব্যবসায়ীরা দুপুর সোয়া দুইটার দিকে মিরপুর সড়ক অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। গাড়িগুলোকে এলিফ্যান্ট রোড হয়ে ঘুরিয়ে দিলেও তৈরি হয় তীব্র যানজট।জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব বলেন, শ্যামলী থেকে অফিসের স্টাফ বাসে মতিঝিল যেতে তাঁদের সাধারণত সময় লাগে এক ঘণ্টা। রমজান মাস শুরুর পর অফিসে যেতে কম সময় লাগছে। তবে ফেরার সময় প্রচণ্ড যানজটে পড়তে হয়।কয়েকজন ট্রাফিক সার্জেন্ট বলেন, রমজান মাসের কারণে সরকারিসহ বেশির ভাগ বেসরকারি অফিস বেলা তিনটায় ছুটি হয়ে যায়। এর পর থেকে ইফতার পর্যন্ত চলে যানজট। তবে যতই যানজট হোক না কেন ইফতারের আগে-পরে দেখা যায় রাস্তা ফাঁকা। তবে গতকাল দুপুর থেকেই রাস্তাগুলোতে ছিল তীব্র যানজট। গতকাল বেলা তিনটার দিকে যানজটে প্রায় স্থবির ছিল মিরপুর সড়ক। খামারবাড়ি সিগন্যাল থেকে গাড়ির সারি ছিল পুরো মানিক মিয়া এভিনিউজুড়ে। বিকেল সাড়ে চারটার দিকে বিজয় সরণি সিগন্যাল থেকে উড়োজাহাজ সিগন্যাল পর্যন্ত রাস্তাও ছিল স্থবির। ইফতারের আধা ঘণ্টা আগে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা থেকে যানজট ছিল ফার্মগেট পর্যন্ত। উল্টো পথে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত ছিল গাড়ির সারি। গতি ছিল খুবই ধীর।বিআরটিসির বাসচালক ইমাদুল বলেন, কমলাপুর থেকে কারওয়ান বাজার পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘণ্টা।