তীব্র যানজটে ঘরমুখী মানুষের ভোগান্তি
সরকারি মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের রাজধানীর শাহবাগ ও প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধের কারণে গতকাল মঙ্গলবার রাজধানীর সর্বত্রই তীব্র যানজট ছড়িয়ে পড়ে। এতে ঈদে ঘরমুখী মানুষ সীমাহীন ভোগান্তিতে পড়ে। গতকাল বেলা দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক শ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নগরের শাহবাগ মোড় ও প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করে রাখেন। এই অবস্থায় দুই ভিআইপি সড়ক বন্ধ হয়ে গেলে এর প্রভাব পড়ে রাজধানীজুড়ে। ঈদের আগে গতকাল ছিল সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস। কোনো রকমে অফিসে হাজিরা দিয়ে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঈদ উদ্যাপনে গ্রামের বাড়ির উদ্দেশে ঘর থেকে বেরিয়ে পড়েন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে আটকে থেকে এসব ঘরমুখী মানুষের নাভিশ্বাস ওঠে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না, এই অনিশ্চয়তার কারণে অনেকে পায়ে হেঁটে বাস ও লঞ্চ টার্মিনালের দিকে রওনা দেন। গতকাল বিকেলে ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার আলমগীর কবির প্রথম আলোকে বলেন, মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কারণে ঘণ্টার পর ঘণ্টা দুটি ভিআইপি সড়ক বন্ধ হয়ে গেলে রাজধানীজুড়ে যানজট ছড়িয়ে পড়ে। ভিআইপি চলাচলের সময় এমনিতে রাস্তা আধঘণ্টা বন্ধ থাকলে এর প্রভাবে নগরে দিনভর যানজট লেগে থাকে। তিনি বলেন, যানজট পরিস্থিতি সামাল দিতে গতকাল মতিঝিল, গুলিস্তান ও সদরঘাটগামী যাত্রীবাহী বাসকে রূপসী বাংলা হোটেলের মোড় দিয়ে এবং মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডিগামী বাস আবদুল গণি রোড হয়ে পলাশী ও কাঁটাবনের সড়কে ঘুরিয়ে দেওয়া হয়েছে। পল্লবীর বাসিন্দা রাইসুল আলম প্রথম আলোকে জানান, গতকাল বেলা আড়াইটার দিকে তিনি স্ত্রী ও শিশুসন্তান নিয়ে ঈদ উদ্যাপনে গ্রামের বাড়ি বরগুনা যাওয়ার জন্য সদরঘাটগামী যাত্রীবাহী বাসে ওঠেন। খামারবাড়ি এসে দুই ঘণ্টা যানজটে আটকে থাকার পর স্ত্রী ও সন্তান নিয়ে বাস থেকে নেমে পড়েন। পরে বহুকষ্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় সন্ধ্যার পর তিনি সদরঘাটে পৌঁছান।গতকাল দুপুর ১২টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে বাসে আমিনুল ইসলাম মতিঝিলে এসেছেন তিন ঘণ্টায়। মিরপুরে ফিরতে তিনি প্রথমে হেঁটে প্রেসক্লাসে আসেন। কিন্তু সেখানেও কোনো যান না পেয়ে হেঁটে জিপিওর সামনে যান এবং মিরপুরগামী একটি বাসে ওঠেন। প্রথম আলোকে তিনি বলেন, পলাশী ও কাঁটাবন হয়ে ঘুরে বাসে করে মিরপুরে তিনি পৌঁছেছেন ইফতারের পরে। টানা ছুটি শুরু: সরকারিভাবে ঈদের ছুটি তিন দিন হলেও কার্যত আজ বুধবার থেকে এক সপ্তাহের ছুটির ফাঁদে পড়ছে দেশ। একই সঙ্গে রাজধানী ঢাকাও আজ থেকে ফাঁকা হতে শুরু হবে। আগেভাগেই ছুটি হওয়ায় নাড়ির টানে মানুষ ছুটছে গ্রামের বাড়িতে।সরকারি ঘোষণা অনুযায়ী ১৯, ২০ ও ২১ আগস্ট ঈদুল ফিতরের সরকারি ছুটি। কিন্তু তার ঠিক আগে আজ বুধবার জাতীয় শোক দিবসের ছুটি। আগামীকাল শবে কদরের ছুটি। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আর রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনের ঈদের ছুটি মিলিয়ে সাত দিনের ছুটি থাকবে অফিস-আদালত। এর মধ্যে আবার কেউ যদি আগামী বুধ ও বৃহস্পতিবার ছুটি নিতে পারেন, তাহলে ১১ দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ, এরপর আবার দুই দিনের সাপ্তাহিক ছুটি। এতে করে লম্বা এক ছুটির ফাঁদে পড়ছে দেশ।এদিকে, ছুটি শুরুর আগের দিন গতকাল মঙ্গলবার অফিস-আদালতে কাজকর্ম অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক কম হয়েছে। অনেক কর্মকর্তা-কর্মচারী অফিসে হাজিরা দিয়েই চলে যান। সচিবালয়সহ বিভিন্ন অফিসে এই চিত্র দেখা গেছে। ঈদের ছুটির আগে বিষয়টিকে সবাই স্বাভাবিকভাবেই নিয়েছেন।