তীব্র শীতে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ৮ জনের মৃত্যু
তীব্র শীত ও শীতজনিত রোগে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে।আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, শীতজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সেখানে ছয়জনের মৃত্যু হয়েছে। এঁরা হলেন— জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আবেদ আলী (৭০), সেনেরহুদা গ্রামের আবু তাহের (৭০), ধোপাখালী গ্রামের সফুরা বেগম (৫৫), বাঁকা গ্রামের গৃহবধূ সোনিয়া খাতুন (৩৫) এবং আলমডাঙ্গা উপজেলার পাঁচলিয়া গ্রামের ছানোয়ার হোসেন (৫০) ও মধুপুর গ্রামের আনোয়ার হোসেন (৪৫)।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আলী হোসেন জানান, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী চিকিত্সা নিচ্ছে, যাদের বেশির ভাগই শীতজনিত রোগে আক্রান্ত। আমাদের মেহেরপুর প্রতিনিধি জানান, তীব্র শীতে গতকাল রাতে মেহেরপুরের আমঝুপি গ্রামে খলিয়া খাতুন ও আছেরা বেগম নামের দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবার ও এলাকাবাসী জানায়, আমঝুপি গ্রামের মৃত বরকত আলীর স্ত্রী খলিয়া খাতুন এবং মৃত ছহির উদ্দিনের স্ত্রী আছেরা বেগম তীব্র শীতে কয়েক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন।