তীব্র শীতে দিনাজপুরে এক শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে দিনাজপুরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে প্রচণ্ড শীতে চার দিনের এক শিশু মারা গেছে। মৃত ওই শিশুটির মা মুক্তি (১৮) জানান, মাত্র চার দিন আগে বাড়িতেই তাঁর একমাত্র ছেলের জন্ম হয়। এখনো তার নাম রাখা হয়নি। ঠান্ডা লেগে গত বুধবার রাতে শিশুটির জ্বর আসে। আজ সকাল ছয়টার দিকে শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে যায়। তাকে দিনাজপুর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।দিনাজপুর আবহাওয়া অফিস জানায়, গত তিন দিন ধরে জেলার ওপর দিয়ে মাঝারি তীব্রতার শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। ১০, ১১ ও ১২ ডিসেম্বর তারিখে দিনাজপুরে তাপমাত্রা স্থির ছিল ১৫.০৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ১৩ তারিখে দিনাজপুরে তাপমাত্রা ৩.০৪ ডিগ্রি কমে ১২.০১ ডিগ্রিতে নেমে আসে। এরপর ধারাবাহিকভাবে ১৪ ডিসেম্বর তারিখে ১১.৫ এবং আজ তাপমাত্রা নেমে আসে ১০ ডিগ্রি সেলসিয়াসে। গত তিন দিন ধরে দিনাজপুরে তীব্র কুয়াশা হয়। বেলা ১১টা পর্যন্ত কার, মাইক্রোবাস, মোটরসাইকেলকে হেডলাইট জ্বালিয়ে শহরে চলাচল করতে দেখা গেছে। সড়ক ও মহাসড়কেও বাস, ট্রাকসহ প্রতিটি যানবাহনকে আলো জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।