তীব্র শীতে ভারতে ২৪ জনের মৃত্যু
ভারতের উত্তরাঞ্চলে গতকাল রোববার থেকে শুরু আকস্মিক শৈত্যপ্রবাহে ২৪ জন মারা গেছে। আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, রাজধানী নতুন দিল্লিসহ কাশ্মীর, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশে কনকনে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে।প্রতিবেদনটিতে উত্তর প্রদেশে পাঁচজন ও কাশ্মীরে দুজনের মৃত্যুর খবর বলা হলেও বাকি ১৭ জন কোন প্রদেশে মারা গেছে, তার তথ্য স্পষ্ট নয়। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল রোববার কাশ্মীরের তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে এটাই ছিল কাশ্মীরের সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে তীব্র শীতে আক্রান্ত নয়াদিল্লি ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ায় কয়েকটি ফ্লাইটও বাতিল করে কর্তৃপক্ষ। তীব্র কুয়াশার কারণে কাশ্মীরের সঙ্গে ভারতের অন্যান্য প্রদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এদিকে, তীব্র শীতে সবচেয়ে দুর্ভোগে পড়েছে গৃহহীন মানুষেরা। একটু উষ্ণতা পাওয়ার আশায় তারা রাস্তায় কাঠ-খড়িতে আগুন ধরিয়ে গোল হয়ে বসে পড়ছে। কেউ-বা ছুটছে আশ্রয়কেন্দ্রগুলোতে। সেখানে ধারণক্ষমতার অতিরিক্ত মানুষের সমাগম ঘটেছে বলে জানা গেছে।