খুব ভোরে উঠেই যশোর গণিত উৎসবে এসেছে আশিকুর রহমান খান। হাসিমাখা মুখে উৎসবে এসেই মুখ মলিন। কারণ, জানতে পেরেছে তার নাম নিবন্ধনই হয়নি। তার ধারণা, সবে ষষ্ঠ শ্রেণী শেষ করায় দায়িতপ্রাপ্ত ব্যক্তিরা হয়তো ইচ্ছা করেই তার নাম নিবন্ধন করেননি। সবাই যখন পরীক্ষার হলে ঢুকে গেছে, ঠিক তখনই হাউমাউ করে কান্না শুরু করে দিল আশিকুর। শেষমেশ অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান তাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেন। ফলাফল ঘোষণায় দেখা গেল, সেকেন্ড রানারআপ হয়ে আশিকুর পেয়েছে জাতীয় উৎসবের টিকিট!এমনই নানা আনন্দের স্মৃতি নিয়ে শেষ হয়েছে যশোর আর খুলনার উৎসব। খুলনা বিভাগের ১০ জেলা গণিতের দুই অঞ্চল। যশোর উৎসবে যোগ দিতে যশোরের শিক্ষার্থীদের সঙ্গে এসেছিল মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার ১৫২টি স্কুলের নয় শতাধিক শিক্ষার্থী। ৬ জানুয়ারি যশোর জিলা স্কুলে হয়েছে ওই উৎসব। পরদিন খুলনার জিলা স্কুলের একাধিকক্রমে আটবারের আয়োজনে ছিল খুলনা, বাগেরহাট আর সাতক্ষীরার ১০৬টি স্কুলের মোট ৯২২ জন শিক্ষার্থী। উৎসবের উদ্বোধন হয় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। দুটো উৎসবের উদ্বোধন করেন যথাক্রমে যশোর ও খুলনার জেলা প্রশাসক নুরুল আমিন ও মো. জামশেদ আহমদ। যথারীতি উপস্থিত ছিলেন ভেন্যু স্কুলের প্রধান শিক্ষকেরা, বরেণ্য গণিতবিদ খোদাদাদ খান এবং এ এ কে এম লুৎফুজ্জামান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর আর ডাচ্-বাংলা ব্যাংকের শাখাপ্রধান মঞ্জুরুল আলম। জেলা প্রশাসকেরা শিক্ষার্থীদের গণিতভীতি দূর করতে প্রতিনিয়ত চর্চা ও চেষ্টা চালানোর কথা বলেন। উৎসবের আগে উৎসবসকাল সাতটা থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের স্কুল প্রাঙ্গণে জমায়েত শুরু হয়। যশোরে একদল শিক্ষার্থী ব্যান্ড বাজিয়ে তাঁদের স্বাগত জানায়। খুলনায় শিক্ষার্থীদের মাথায় পরিয়ে দেওয়া হয় সবুজ-লাল মাথার ব্যান্ড। গেট দিয়ে ভেতরে ঢুকেই শিক্ষার্থীরা মেতে ওঠে দৌড়ঝাঁপ, খেলা আর আড্ডায়। অবশ্য মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল ও চুয়াডাঙ্গা থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের ভোর চার-পাঁচটা থেকে উৎসবে আসার প্রস্তুতি শুরু করতে হয়েছে। যশোরের প্রতিটি পরীক্ষাকক্ষের নাম ছিল বিখ্যাত সব গণিতবিদ, বিজ্ঞানী ও যশোরের কৃতী সন্তানদের নামে—পিথাগোরাস, হরিপদ কাপালি, শহীদ মশিউর রহমান বা রাধাগোবিন্দ চন্দ্র। অন্যদিকে খুলনার কক্ষগুলো নামাঙ্কিত হয় সুন্দরবনের বিভিন্ন প্রজাতির উদ্ভিদের নামে—গড়ান, গেওয়া, কেওড়া, শিয়ালকাঁটা, গোলপাতা, পশুর, বাইন, কাঁকড়া ইত্যাদি। সেখানেই হয়েছে সোয়া ঘণ্টার অলিম্পিয়াড!বিতর্ক, প্রশ্নোত্তর ও রুবিকের কিউবপরীক্ষার পর নতুন বন্ধু আর বইমেলা ঘোরার কাজ যখন শেষ হয়, তখনই শামিয়ানার নিচে সবাইকে আহ্বান করা হয় গণিত উৎসবের গান দিয়ে। উদীচীর যশোর শাখার সদস্য ও শিক্ষার্থীরা আর খুলনায় করোনেশন স্কুলের শিক্ষার্থীরা গান পরিবেশন করে। যশোর বন্ধুসভার উপস্থাপনা প্রিয় স্বদেশ সবার দৃষ্টি আকর্ষণ করে। খুলনায় এ সময় মঞ্চে আসেন রূপান্তরের থিয়েটারকর্মীরা। ঐতিহ্যবাহী পটগানের মাধ্যমে তাঁরা বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের দুরবস্থার কথা তুলে ধরেন। পটগানের পর সুন্দরবনবিষয়ক কুইজের সঠিক জবাব দেয় শিক্ষার্থীরা। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার অঙ্গীকার করে তারা। এ ছাড়া ছিল রম্য সংবাদ পাঠ।এ পর্বে শিক্ষার্থীদের গণিত, পদার্থবিজ্ঞান এবং মহাকাশসংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেন অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক লুৎফুজ্জামান ও ফরসীম মান্নান মোহাম্মদী। তাঁদের সঙ্গে যোগ দেন অধ্যক্ষ হারুন-অর-রশীদসহ অন্যরা। কোনো কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় কণ্ঠভোটে এবং শেষে উপস্থাপক ঘোষণা করেন—শূন্য জোড়। কারণ, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এক ফাঁকে হয়ে যায় প্রীতি বিতর্ক, খেলায় প্রিয় দল হেরে গেলে কান্না করা উচিত। উভয়পক্ষ তাদের যুক্তি-তর্ক তুলে ধরে। তবে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের সমর্থক হবে, এ বিষয়ে কোনো বিতর্কে জড়াতে রাজি হয়নি কেউ! এ ছাড়া শিক্ষার্থীরা জানিয়েছে, গত মাসে তারা কী কী ভালো কাজ করেছে আর আসছে মাসে নিজেদের কোন খারাপ দিকটি তারা বদলে দিতে চায়!সমাপনী পর্বের পূর্বাহ্নে হয়ে যায় রুবিক কিউবের প্রতিযোগিতা। জাতীয় প্রতিযোগিতার জন্য প্রস্তুতিপর্বে যশোর ও খুলনা অঞ্চলের শিক্ষার্থীরা হাত একবার মকশো করার সুযোগ পায়।উদ্যোগ আর উদ্ভাবনের আলোয়দেশের সব যোগ্য লোকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে দরকার উদ্ভাবনী ও উদ্যমী উদ্যোক্তাদের। গণিত উৎসবের এবারের বার্ষিক উপজীব্য ‘উদ্যোক্তা সৃষ্টি’ পর্বে যশোর আর খুলনায় হাজির হন এমন দুজন উদ্যোক্তা, যাঁরা প্রত্যেকে তিন হাজারের বেশি লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। যশোরের রঙ হ্যান্ডিক্র্যাফটের তনুজা রহমানের সঙ্গে তিন হাজার নারী-পুরুষকর্মী কাজ করেন। হস্তশিল্পের বাজার প্রসারে কাজ করছেন তনুজা রহমান। শিক্ষার্থীদের তিনি শোনান তাঁর প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামের গল্প। অন্যদিকে খুলনায় ছিলেন আবদুল জব্বার মোল্লা। খুলনায় তিনি গড়ে তুলেছেন আধুনিক মাছের কারবার। জব্বার মোল্লা জানান, স্কুলের সব পরীক্ষায় তিনি গণিতে ১০০-তে ১০০ পেতেন। গণিতে যেহেতু কোনো মিথ্যা নেই, তিনিও তেমনি কখনো মিথ্যার আশ্রয় নেন না। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানগুলোর বার্ষিক রাজস্ব ৪০০ কোটি টাকার বেশি। জব্বার মোল্লা শিক্ষার্থীদের তাঁর সাফল্যের মূলমন্ত্র ব্যাখ্যা করেন এভাবে—সব সময় সত্য কথা বলা আর মা-বাবার সেবা করা। খুলনা বন্ধুসভার ওয়েবসাইট উদ্বোধন করা হয় এ সময়। পুরস্কার ৬০ জনের, বিজয় সবারসারা দিনের উৎসবে সূর্য গড়িয়ে তখন পশ্চিম আকাশে, শুরু হয় ফল ঘোষণার পর্ব। যশোর আর খুলনার প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে বিজয়ী মোট ৬০ জন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উৎসবে আসার জন্য নির্বাচিত হয়। দুই জায়গায় ফলাফল ঘোষণা করেন অলিম্পিয়াডের একাডেমিক কো-অর্ডিনেটর সুব্রত দেব নাথ। যশোরে সেকেন্ডারি ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আবীর শাফি বিন্দু ও ঝিনাইদহ সরকারি উচ্চবিদ্যালয়ের নাজমুস সাকিব। খুলনায় চারবার অংশগ্রহণকারী প্রীতম কুমার মণ্ডল তার সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়। এর আগে সে জুনিয়র ক্যাটাগরিতে দুবার ও সেকেন্ডারি ক্যাটাগরিতে একবার চ্যাম্পিয়ন হয়েছিল। ৬০ জন পুরস্কারপ্রাপ্তের তালিকায় যশোর জিলা স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আশফাকুল ইসলাম আলিন্দের নাম না থাকলেও তার মধ্যে ছিল না হতাশা। কারণ, তার কৌতূহলী প্রশ্ন ছিল, ‘কোনো পর্দার কাছে যদি রোদ থাকে আর সেখানে যদি একটি ম্যাগনিফাইং গ্লাস রাখা হয়, তাহলে পর্দায় আগুন ধরে যায় কেন?’ এর উত্তর সে পেয়েছে এই উৎসবে এসে। তাই বিজয়ীর হাসি তার মুখেও ছিল। শুধু আলিন্দ নয়, অধিকাংশ শিক্ষার্থীর মুখে ছিল শেষ অবধি জানা, বোঝা ও শেখার আনন্দ। এ কারণেই এটি গণিতের উৎসব, প্রতিযোগিতা নয়।