তীরে স্বজনের বিলাপ, মানবতা নিয়ে গ্রামবাসী
মুন্সিগঞ্জের মেঘনা নদীর তীরের বাতাস ভারী হয়ে উঠেছে শত শত মানুষের আহাজারি আর বিলাপে। ডুবে যাওয়া শরীয়তপুর-১ লঞ্চটির যাত্রীদের স্বজনেরা এখানে অপেক্ষা করছেন প্রিয়জনের লাশের জন্য। তবে এমন অবস্থার মধ্যেও আলাদা করে নজর কেড়েছে গ্রামবাসীর মানবতাবোধ। দুর্ঘটনার খবর শোনার পর গতকাল দুপুর থেকেই মেঘনার তীরে ভিড় করেন স্বজনেরা। সেই থেকে এখানেই আছেন তাঁরা। উদ্বেগ-উত্কণ্ঠার মধ্যে থাকা এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন দুর্ঘটনাস্থলের আশপাশের গ্রামের বাসিন্দারা। সম্মিলিত উদ্যোগ নিয়ে তারা এই মানুষগুলোর খাবার রান্না করেছে, পানি দিয়েছে, রাতে থাকার জন্য বড় আকারে প্যান্ডেল করে দিয়েছে।মেঘনা নদীর তীর চর কিশোরগঞ্জে রাত থেকেই বিলাপ করছিলেন রহিমা খাতুন (৫০)। রাত পেরিয়ে সকাল হয়েছে, দুপুর হলো। কিন্তু তাঁর বিলাপ কমছে না। তিনি বিলাপ করতে করতে বলছেন, ‘বাবা তোমারে মোবাইলে ফোন দেই। ফোন ধরো না ক্যান? বাবা আমারে ছাইড়া কই গেলা?’ তাঁর বিলাপে আশপাশের আরও অনেকেই চোখ ভিজে আসে। রহিমার ছেলে সফর আলী (৩০) এই লঞ্চেই ছিল। এখনো কোনো খোঁজ পাননি তাঁর।রাতে মেয়ে মিনারার (২০) লাশ খুঁজে পাওয়া যায়। সেই লাশ শনাক্ত করতে গিয়ে কান্নায় চিত্কার করে ওঠেন বাবা মকবুল হোসেন। বিলাপ করতে করতে বলেন, ‘মাত্র আট মাস আগে মেয়েটার বিয়ে দিয়েছিলাম।’ ঢাকা মেডিকেলের চতুর্থ শ্রেণীর কর্মচারী আবুল কাশেমের লাশ নিতে এসেছিলেন মামা আউয়াল হোসেন। স্ত্রী কুলসুম বেগমের (৩২) লাশ নিতে এসেছিলেন স্বামী আবদুল মালেক। স্ত্রীর লাশ দেখে তিনি নির্বাক হয়ে বসে ছিলেন। নিয়ামত উল্লাহ নামের একজন জানান, ওই লঞ্চে করে তাঁদের পরিবারের নয়জন ঢাকা আসছিল। এখন পর্যন্ত তিনি পরিবারের দুজনের লাশ পেয়েছেন। বাকি সাতজনের কোনো খবর নেই। একেকটি লাশ তীরে তোলা হয়, আর স্বজনদের কান্না-আহাজারি বাড়ে। যাঁরা প্রিয়জনের লাশটি এখনো খুঁজে পাননি, তাঁদের অপেক্ষা আরও দীর্ঘ হয়। প্রসঙ্গত, গত সোমবার রাত আড়াইটার দিকে মালবাহী জাহাজ শরীয়তপুর-১ লঞ্চটিকে ধাক্কা দিলে গজারিয়ায় চর রমজান বেগে মেঘনা নদীতে তিন শতাধিক যাত্রী নিয়ে সেটি তলিয়ে যায়।