তুচ্ছ ঘটনা থেকে ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই জনের কথা কাটাকাটির ঘটনা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাতের দোকানগুলোতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে এ ঘটনা সূত্রপাত। শেষ হয় প্রায় রাত এগারোটার দিকে।জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের কর্মচারীর ছেলে সজল রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক রিকশা চালককে মারধর করে। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মচারীর ছেলে তাঁকে মারধরের কারণ জিজ্ঞেস করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সজল পক্ষের এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুবেল পক্ষের বেশ কিছু লোকজন এসে সংঘর্ষ বাধিয়ে ফেলে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পক্ষের লোকজন সজল পক্ষের লোকজনকে ধাওয়া করে শহীদুল্লাহ হলের ভেতর ঢুকিয়ে দেয়। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পক্ষের লোকজন শহীদুল্লাহ হলের টেলিভিশন কক্ষের বেশ কিছু কাচ ভাঙচুর করে। এ ঘটনার এক পর্যায়ে শহীদুল্লাহ হলের সাধারণ ছাত্ররা বেরিয়ে এসে তাদেরকে ধাওয়া করে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কিছু দোকানে আগুন ধরিয়ে দেয়। পরে অগ্নিনির্বাপন কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে এবং ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, মূলত কর্মচারীদের ছেলেদের মধ্যেই মারামারি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ ঘটনায় জড়িত কি না তা তদন্ত করে দেখা হবে।শহীদুল্লাহ হলের প্রভোস্ট আজিজুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লোকজন ককটেল নিক্ষেপ করেছে। সিনিয়র হাউজ টিউটর জসীমউদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে কিছু ছাত্র জড়িত ছিলেন বলে স্বীকার করেন তিনি।