তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহত লোকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ শুক্রবার সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।থানা পুলিশ, গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ উপজেলার বারইভাগ গ্রামের বাদশার সঙ্গে একই উপজেলার চকনূর গ্রামের আবদুল আলিমের মধ্যে মোটরসাইকেল সাইড দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে দুজনের মধ্যে মারামারি হয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর বাদশার পক্ষ হয়ে কালিয়াবিল ও জানকিগাঁতী ও বারইভাগের লোকজন ঐক্যবদ্ধ হয়ে আজ সকালে মাইকে গ্রামবাসীদের লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসার ডাক দেয়। এতে চকনূর গ্রামের লোকজনও মাইকযোগে পাল্টা প্রস্তুতি নেওয়ার ডাক দিয়ে লোকজন জমায়েত করে। একপর্যায়ে ইটপাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।খবর পেয়ে রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজ জামান আশরাফ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এএসপি মাহফুজ জামান আশরাফ জানান, এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করতে আসেনি।