তুচ্ছ ঘটনা নিয়ে আদালতে হট্টগোল হওয়ায় পিলখানা হত্যা মামলায় আসামিদের অব্যাহতির আবেদনের ওপর শুনানি স্থগিত করা হয়েছে। আদালতের কার্যক্রম আগামী ৭ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়।আসামিপক্ষের একজন আইনজীবীর রাষ্ট্রপক্ষের আইনজীবীদের জন্য নির্ধারিত শৌচাগার ব্যবহার নিয়ে হট্টগোল হয়। একজন পিয়ন ওই আইনজীবীকে ধাক্কা দিয়ে বের করে দিলে ঘটনার সূত্রপাত হয়। আসামিপক্ষের আইনজীবীরা এ নিয়ে একযোগে হইচই শুরু করলে প্রায় ১০ মিনিট উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে বিচারক আদালতের বিচারকাজ মুলতবি করেন।এর আগে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর আইনজীবী আদালতকে বলেন, এ মামলার পেছনে অনেক মহানায়ক থাকলেও তাঁদের আড়াল করে নিরীহ সেপাইদের আসামি করা হয়েছে।গতকাল সোমবার বিকেল চারটা পর্যন্ত বিডিআরের উপসহকারী পরিচালক তৌহিদুল আলম ও পিন্টুসহ মোট ১৬৯ জনের অব্যাহতির আবেদনের ওপর শুনানি শেষ হয়। ঢাকা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত আদালতের কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে নয়টায়।গত ২৩ মে ৮৪৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শেষ হয়েছিল। এরপর ১৩ জুন শুনানির দিন ধার্য থাকলেও হরতালের কারণে তা ২০ জুন পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিন পর্যন্ত ৮৪৭ জন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। এর পরই আদালত আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনতে শুরু করেন। গতকাল শুরুতেই জেলা ও দায়রা জজ জহুরুল হক বক্তব্য শুনতে চাইলে আসামিপক্ষের আইনজীবীরা বিভিন্ন ধরনের বক্তব্য তুলে ধরে অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি চান।অব্যাহতির আবেদনে পিন্টুর আইনজীবী আমিনুল ইসলাম বলেন, বিদ্রোহের আগে পিলখানার সেপাইরা সরকারি দলের সাংসদ ফজলে নূর তাপসের সঙ্গে দেখা করে দাবি জানিয়েছিলেন। ঘটনার পর তাপসের নাম করে এলাকায় মাইকিং করা হয়েছিল। আওয়ামী লীগের নেতা শেখ সেলিমের বাসায়ও বিদ্রোহীরা বৈঠক করেছিলেন। তা ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গেও ফোনে কথা বলেছেন। তাঁরা এই বিদ্রোহের সবকিছু জানতেন; কিন্তু কোনো ব্যবস্থা নেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পিন্টুকে এ মামলায় জড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মামলার এক হাজার ২৮৭ জন সাক্ষীর মধ্যে মাত্র তিনজন পিন্টুর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। তিনি তদন্ত কর্মকর্তার নাম উল্লেখ করে বলেন, নিজের খেয়ালখুশিমতো তদন্ত করা হয়েছে। এ মামলা থেকে পিন্টুকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তিনি।রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন এ সময় বলেন, বিদ্রোহের বিষয়ে এসব গুরুত্বপূর্ণ ব্যক্তি কিছুই জানতেন না।সেপাই রকিবুল ইসলামের আইনজীবী আদালতকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে রকিবুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেপাই আরাফাত হোসেনের আইনজীবী বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে কেউ কোনো সাক্ষ্য দেননি, তার পরও তাঁকে আসামি করা হয়েছে। সেপাই সোহেল রানার আইনজীবী বলেন, রানার বিরুদ্ধে তিনি নিজে ছাড়া কেউ কোনো বক্তব্য দেননি। সেপাই রঞ্জু আহমেদের আইনজীবী বলেন, রঞ্জু মেডিকেলে কর্মরত ছিলেন। তিনি কী করে অস্ত্র পেলেন? নায়েক মাহবুবুল আলমের আইনজীবী বলেন, মাহবুব বিদ্রোহের সময় ছুটিতে ছিলেন। তাঁর কাছে কর্মকর্তার সই করা ছুটির আবেদন রয়েছে। ডিএডি তৌহিদের আইনজীবী বলেন, ঘটনার সময় তৌহিদ বাথরুমে লুকিয়ে ছিলেন। বিদ্রোহী সেপাইরা তাঁকে জিম্মি করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে নিয়ে যান। বয়স্ক বলেই তাঁকে দলনেতা হতে বাধ্য করা হয়। গতকাল ১৬৯ জন আসামির আইনজীবী তাঁদের বক্তব্য তুলে ধরেন। এর আগের দিন ১১ জন বক্তব্য দেন। এ নিয়ে দুই দফায় ১৮০ জন বক্তব্য দিয়েছেন। প্রত্যেকেই আসামিদের অব্যাহতি দেওয়ার আবেদন জানান।