তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে শতাধিক আহত, বাড়িতে আগুন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ধনেপাতা বেচা-কেনা নিয়ে দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে পাঁচ ঘণ্টাব্যাপী সংঘর্ষে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছে। এ সময় ২০টি বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০টি গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করেছে।আহতদের মুকসুদপুর হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।মুকসুদপুর থানার ওসি সৈয়দ আবদুল্লাহ জানিয়েছেন, মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজারে ধনেপাতা বেচা-কেনা নিয়ে মোচনা ইউনিয়নের আইকদিয়া গ্রামের শাহ আলমের সঙ্গে ফরিদপুরের ভাঙ্গার জনৈক পাইকারী ব্যবসায়ীর বাক-বিতণ্ডা হয়। বিষয়টি তিনি মহারাজপুরের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান মাতুব্বরকে জানান। সাবেক এই চেয়ারম্যান শাহ আলমের কাছে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি মুজিবুর রহমানকে লাঞ্ছিত করেন।এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া ও মোচনা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই ইউনিয়নের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।