সামান্য ঘটনা থেকে প্রথমে কথাকাটাকাটি এবং তার জের ধরে গুলিতে প্রাণ গেছে এক পরিবহনশ্রমিকের। গুলি ও তার পরের গণপিটুনিতে আহত হয়েছেন গুলিবর্ষণকারীসহ তিনজন। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর ব্যস্ত এলাকা গুলিস্তানে এ তুলকালাম ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে পুরান ঢাকার সিদ্দিক বাজারের বাসিন্দা ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ প্রাতর্ভ্রমণ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় গুলিস্তান-বিমানবন্দর রুটের বাসচালক রাসেল নিয়াজ মোর্শেদের হাত ধরে গাড়িতে ওঠাতে চাইলে তিনি খেপে যান। কথাকাটাকাটি থেকে বেধে যায় হাতাহাতি। একপর্যায়ে নিয়াজ ফোন করে ছোট ভাইকে জানালে তিনি লোকজন নিয়ে ছুটে আসেন। ঝগড়ার একপর্যায়ে নিয়াজ সঙ্গে থাকা পিস্তল দিয়ে চার রাউন্ড গুলি ছোড়েন। একটি গুলি রাসেলের মাথায় আঁচড় কেটে পাশে থাকা কনডাক্টর নিজাম উদ্দিনের গলায় বিদ্ধ হয়। মাটিতে লুটিয়ে পড়েন নিজাম। নিয়াজ ও তাঁর ছোট ভাই ইফতেখার ইউনুছ তখন দৌড়ে পালাতে গেলে আশপাশের শ্রমিকেরা তাঁদের ধরে গণধোলাই দেয়। টহলরত বংশাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এলে তাদের কাছে পিস্তলটি তুলে দিয়ে নিয়াজ জানান এটি তাঁর লাইসেন্স করা অস্ত্র। পুলিশ তখন গুলিবিদ্ধ নিজাম ও গণপিটুনির শিকার দুই ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে নিজাম উদ্দিন মারা যান। গণপিটুনিতে আহত ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ প্রথম আলোকে বলেন, প্রাতর্ভ্রমণ থেকে ফেরার সময় ঢাকা ট্রেড সেন্টারের সামনে আসা মাত্র তিন-চারজন যুবক তাঁকে টেনে বাসে তোলে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ধাক্কা দেন। তখন পেছন থেকে দুজন তাঁকে ধরে মারধর শুরু করলে তিনি ফাঁকা গুলি ছুড়ে ভয় দেখানোর চেষ্টা করেন। অন্যদিকে বাসচালক রাসেল বলেন, সকালে যাত্রী তুলতে গিয়ে তিনি এক ব্যক্তির (নিয়াজ) হাত ধরেন। এতে ওই লোক ক্ষিপ্ত হয়ে তাঁকে ঘুষি মারেন। পরে তিনি আরেকজনকে ফোনে ডেকে এনে দুই রাউন্ড গুলি ছোড়েন। একটি গুলি তাঁর মাথায় আঁচড় কেটে নিজামের শরীরে বিদ্ধ হয়।নিহত বাসশ্রমিক নিজাম উদ্দিনের বোন স্বপ্না আক্তার প্রথম আলোকে জানান, নিজাম এক বছর ধরে বাসের কনডাক্টরের কাজ করছিলেন। কয়েক মাস আগে তিনি বিয়ে করেন। স্বপ্না ভাই হত্যার বিচার দাবি করেন।রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সৈয়দ নূরুল ইসলাম সাংবাদিকদের ঘটনার অনুরূপ বর্ণনা দিয়ে বলেন, নিহত নিজামের ছোট ভাই আবির হোসেন বাদী হয়ে ব্যবসায়ী নিয়াজ ও তাঁর ছোট ভাইকে আসামি করে শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেছেন। ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, বাসশ্রমিকেরা যাত্রী ডাকাডাকি করার সময় প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে এ ঘটনা ঘটে। ঘটনার পর শ্রমিকেরা সড়ক অবরোধ করলে তাঁরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহত নিজামের লাশ ফুলবাড়িয়া বাসটার্মিনালে জানাজার পর রাতে গ্রামের বাড়ি খুলনার বটিয়াঘাটার মাথাভাঙ্গা গ্রামে নিয়ে যাওয়া হয়।