তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
আমার মায়ের বিয়ে ঠিক হয়েছে। ছেলে বিএ পাস, পড়াশোনা নিয়ে থাকে। আমার নানাজান ঠিক করলেন, মেয়েকে বিদ্বান ছেলের উপযুক্ত করতে হলে তাকেও কিছু বইপত্র পড়তে হবে। আউট বুক (অর্থাৎ নাটক-নভেল) পড়া সেই সময় নিষিদ্ধ ছিল; তার পরও নানাজান কলকাতা থেকে মেয়ের জন্য একটা উপন্যাস কিনে নিয়ে এলেন। নাম নৌকাডুবি। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মায়ের পড়া জীবনের প্রথম উপন্যাস। তাঁকে প্রথম ছুটির নিমন্ত্রণে ডেকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মা রবীন্দ্রনাথ দিয়ে তাঁর আউট বই পড়া শুরু করেন জেনে বাবা বিস্ময়ে অভিভূত হয়েছিলেন। আমি নিজেও বিস্মিত হই, কারণ আমার নিজের শুরুটা হয় ‘স্বপন কুমার’ সিরিজ দিয়ে। রবীন্দ্রনাথ আমার শৈশবের বিভীষিকার নাম। কারণটা বলি, বাবা ছেলেমেয়েদের রবীন্দ্রসাহিত্যের সঙ্গে পরিচিত করার মহান দায়িত্ব হাতে নিলেন। আমাদের তিন ভাইবোনকে ডেকে হাতে সঞ্চয়িতা ধরিয়ে দিলেন—সবাইকে একটা করে কবিতা মুখস্থ করতে হবে। ছোট বোন শেফুর ভাগে পড়ল ‘আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী’। জাফর ইকবাল পেল ‘প্রশ্ন’। আমার কপালে পড়ল ‘এবার ফেরাও মোরে’। এক শ সাতাশ লাইনের বিশাল কবিতা। এই কবিতাটি বাবার বিএ ক্লাসে পাঠ্য ছিল। তিনি মুখস্থ বলতে পারেন। তিনি চাচ্ছেন, তাঁর বড় ছেলেও পারবে।আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এত বড় কবিতা কিছুতেই মুখস্থ হয় না। কিছু দূর এগোতেই সব জট পাকিয়ে যায়। এদিকে আমার ছোট দুই ভাইবোন কবিতা মুখস্থ বলে বাবার কাছ থেকে পুরস্কার হাতিয়ে নিয়েছে (এক আনা করে পেয়েছে)। সমস্যা হচ্ছে, ওদের কবিতা দুটি শুনে শুনে আমিও মুখস্থ করে ফেলেছি। তাতে লাভ হচ্ছে না। বাবার কাছে পরীক্ষা দিতে যাই, কিছু দূর বলেই খাবি খাই। বাবা হতাশ চোখে তাকান। রবীন্দ্রনাথ তখন একটি বালকের কাছে মূর্তিমান বিভীষিকা।সত্যিকার অর্থে রবীন্দ্রনাথ প্রথম পড়ি আমি যখন ক্লাস সিক্সের ছাত্র। থাকি বান্দরবান। বাবা সেখানকার পুলিশ লাইব্রেরির জন্য বই কিনেছেন। বইগুলোর একটি হলো সঞ্চয়িতা, আরেকটি গল্পগুচ্ছ। আমি গল্পগুচ্ছ কবজা করে ফেললাম। পাঠ্যবইয়ের বদলে এই বই পড়ি। বাবা দেখেও না দেখার ভান করেন। আহা, কী আনন্দ! আমার পড়া রবীন্দ্রনাথের প্রথম গল্পের নাম ‘নিশীথে’। একটি ভূতের গল্প, অথচ কোথাও ভূত নেই। আমি এখনো অবাক হয়ে ভাবি, ভূত ছাড়া ভূতের গল্প লেখার মতো ক্ষমতা আর কতজনের আছে!রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে কত না উৎসব! এমনকি পত্রিকার পাতায় রবীন্দ্র-ফ্যাশনও ছাপা হচ্ছে। তরুণ-তরুণী মডেলরা রাবীন্দ্রিক সময়ের পোশাক পরে ফটোসেশন করছেন। বিউটিশিয়ানরা টিপস দিচ্ছেন সেই সময়ের মেয়েদের সাজ বিষয়ে: ‘লম্বা হাতার ব্লাউজ পরতে হবে’, ‘চোখে আইশ্যাডো দেওয়া যাবে, তবে কপালে টিপ পরতে হবে।’আমার বাবা এই সময়ে বেঁচে থাকলে কী করতেন? আমার ধারণা, আগ্রহ নিয়ে রবীন্দ্র-ফ্যাশনের মডেল হতেন।রবীন্দ্রনাথকে নিয়ে নতুন কথা আমি আপনাদের জানাতে পারছি না। সব কথা নানানভাবে নানান ভঙ্গিমায় বলা হয়েছে। কম জানা একটি তথ্য অবশ্য দিতে পারি। রবীন্দ্রনাথ যে ছেলেমেয়েদের জন্য বাংলা ভাষাশিক্ষার বই লিখেছেন, এই তথ্যটি কি জানা আছে? যুক্তাক্ষর শেখানোর জন্য যুক্তাক্ষর দিয়ে কবিতা লিখেছেন। ‘ঞ্জ’র মতো জটিল যুক্তাক্ষর শেখানোর জন্য লেখা তাঁর একটি কবিতা: অঞ্জনা নদীতীরে খঞ্জনি গাঁয়েপুরো মন্দিরখানি গঞ্জের বাঁয়ে জীর্ণ দেয়ালখানি এক কোণে তারইঅন্ধ নিয়াছে বাসা কুঞ্জবিহারীআত্মীয় কেহ নাই নিকট কি দূরআছে এক লেজকাটা ভক্ত কুকুরআর আছে একতারা বক্ষেতে ধরেগুনগুন গান গায় গুঞ্জন স্বরেসাতকড়ি ভঞ্জের মস্ত দালানকুঞ্জ সেখানে করে প্রত্যুষে গানহরি হরি রব উঠে অঙ্গন মাঝেঝনঝনি ঝনঝনি খঞ্জনি বাজেভঞ্জের পিসি তাই সন্তোষ পানকুঞ্জকে করেছেন কম্বল দান \কবিতাটি আরও দীর্ঘ। আরও অনেক ‘ঞ্জ’র কারবার। রবীন্দ্রনাথ এই যুক্তাক্ষর শিখিয়ে ছাড়বেন।পারিবারিকভাবে রবীন্দ্রনাথ নিয়ে আমার ও শাওনের মধ্যে কিছু তিক্ততা আছে। শাওনের খুব শখ, সে একটি রবীন্দ্রনাথের নাটকে অভিনয় করবে, সেই নাটকটি যেন রবীন্দ্রনাথের গল্প থেকে আমি করে দিই। তার পছন্দ ‘একটি মুসলমানি গল্প’। আমি বলেছি, রবীন্দ্রনাথের গল্প থেকে নাটক আমি কোনো দিনই করব না। কারণ একটাই, কোথাও ভুল করে ফেলব। রবীন্দ্রনাথকে নিয়ে ভুল করা যায় না।আমরা কত না ভাগ্যবান, রবীন্দ্রনাথ বাংলা ভাষার কবি হিসেবে জন্মেছেন। আমরা বড় হয়েছি রবীন্দ্রবলয়ে।হে মহাসুন্দর শেষ,হে বিদায় অনিমেষ,হে সৌম্য বিষাদ,ক্ষণেক দাঁড়াও স্থির,মুছায়ে নয়ননীরকরো আশীর্বাদ।