তুমুল প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে ভোট দিলেন মার্কিনরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট বারাক ওবামা কি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে থাকবেন নাকি মিট রমনির নেতৃত্বে নতুন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র—এই প্রশ্নের মীমাংসা করতে ভোট দিলেন মার্কিন নাগরিকেরা। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনগুলোর একটি হবে এবারেরটি। গত সোমবার প্রকাশিত সর্বশেষ ১২টি প্রতিষ্ঠানের জনমত জরিপের মধ্যে দুটিতে দুই প্রার্থী সমানে সমান। সামান্য ব্যবধানে আটটিতে এগিয়ে আছেন ওবামা। একই রকম ব্যবধানে দুটিতে এগিয়ে রমনি।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রথম প্রহরে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ। ১৯৪৮ সাল থেকে চলা ঐতিহ্য অনুযায়ী নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের দুই ছোট গ্রামের বাসিন্দারা দেন প্রথম ভোট। একটি গ্রামে ওবামা-রমনি দুজনই পেয়েছেন সমান ভোট। এবারের প্রার্থীরা: প্রচারমাধ্যমের সব আলো শীর্ষ দুই প্রার্থীর ওপর থাকলেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই ডজনের বেশি প্রার্থী। তবে এর মধ্যে সবগুলো অঙ্গরাজ্যের ব্যালটে নাম আছে শুধু ডেমোক্রেটিক প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা (৫১) এবং রিপাবলিকান প্রার্থী ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনির (৬৫)। ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এবং রিপাবলিকান দল থেকে আছেন পল রায়ান। ওবামা ও রমনি ছাড়া প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে আছেন লিবার্টারিয়ান দলের নেতা নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সাবেক গভর্নর গ্যারি জনসন, প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য রিপাবলিকান দলের নেতা ভার্জিল গুড ও গ্রিন পার্টির নেতা জিল স্টেইন। তাঁরা নিজেরা বিশেষ সুবিধা করতে না পারলেও মূল দুই প্রতিদ্বন্দ্বীর ফলের ওপর প্রভাব ফেলতে পারেন বলে মনে করা হচ্ছে। নির্বাচনের দিনেও প্রচারণা!: ভোটারদের পক্ষে টানতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যান উভয় প্রার্থী ও তাঁদের কর্মীরা। এর মধ্যে মিট রমনি নির্বাচনের দিনেও প্রচারণা চালিয়েছেন পেনসিলভানিয়া এবং ওহাইও অঙ্গরাজ্যে। নির্বাচনের দিন প্রচারণার ঘটনা মার্কিন ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। মঙ্গলবার সকালেই রমনি এবং তাঁর স্ত্রী ভোট দেন নিজেদের রাজ্য ম্যাসাচুসেটসের বেলমন্ট শহরের বিচ স্ট্রিট ভোটকেন্দ্রে। ভোটকেন্দ্রে এক সাংবাদিক রমনির কাছে জানতে চান, কোন প্রার্থীকে ভোট দিলেন? জবাবে রমনি বলেন, ‘আপনি নিশ্চয় জানেন।’ আর ওবামা ভোট শুরুর আগে সর্বশেষ প্রচারণা চালান গত সোমবার আইওয়া অঙ্গরাজ্যে। সর্বশেষ নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় আবেগে ওবামার গলা ধরে আসে। চোখে নামে পানির ধারা। সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সমর্থন চাইতে আমি আবারও আইওয়াতে ফিরে এসেছি। এখান থেকেই শুরু হয়েছিল আমাদের পরিবর্তনের আন্দোলন।’মধ্যরাতে ভোট: মঙ্গলবার ভোটের দিন হলেও নিয়ম অনুযায়ী বেশ কয়েক দিন ধরে আগাম ভোট দিয়েছেন অনেক ভোটার। আর প্রথা অনুযায়ী নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের দুটি ছোট্ট গ্রামে মঙ্গলবার প্রথম প্রহরে ভোট গ্রহণ শুরু হয়। ১৯৪৮ সাল থেকে ডিক্সভিল নচ এবং হার্টস লোকেশন নামের এই গ্রাম দুটির মানুষ নির্বাচনের দিন প্রথমে ভোট দেওয়ার সুযোগ পেয়ে আসছেন।ঘড়ির কাঁটা ঠিক ১২টা স্পর্শ করার পরপরই বুথে ঢুকতে শুরু করেন ভোটাররা। ডিক্সভিল নচ গ্রামের কেন্দ্রে ৪৩ সেকেন্ডেই ভোট শেষ হয়। মোট ১০টি ভোট পড়ে। পাঁচটি পাঁচটি করে ভাগাভাগি করে নেন ডেমোক্রেটিক প্রার্থী বারাক ওবামা এবং রিপাবলিকান প্রার্থী মিট রমনি। জনমত জরিপ ও বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, এবার লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, সে ইঙ্গিতই যেন দিল ওই কেন্দ্র। এই কেন্দ্রে ২০০৮ সালে ২১ ভোটের মধ্যে ১৫ ভোট পেয়েছিলেন ওবামা।হার্টস লোকেশন কেন্দ্রে ভোট শেষ হতে সময় লাগে ৫ মিনিট ৪২ সেকেন্ড। ভোট দেন ৩৩ জন ভোটার। এর মধ্যে ওবামা ২৩টি, রমনি নয়টি এবং লিবার্টারিয়ান দলের গ্যারি জনসন পান এক ভোট। ২০০৮ সালে এ কেন্দ্রের মোট ২৯ ভোটের মধ্যে ১৭টি পেয়েছিলেন ওবামা।ভোট রাজ্যে রাজ্যে: ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা ও টান টান উত্তেজনা শুধু ওবামা-রমনি শিবিরে নয়, ভোটারদের মধ্যেও দেখা গেছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে বিবিসি প্রতিনিধি জানান, সেখানে সকাল ছয়টায় ভোট গ্রহণ শুরু হলেও ভোর পাঁচটায় ভোটকেন্দ্রের লাইনে দাঁড়ান উৎসাহী ভোটাররা। কোনো কোনো কেন্দ্রে অনেকে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। ফল্স চার্চ কমিউনিটি সেন্টার কেন্দ্রে দেখা যায়, ভোট শুরুর আধা ঘণ্টা আগেই লাইনে দাঁড়িয়ে গেছেন শতাধিক মানুষ।ফল্স চার্চ কেন্দ্রের ভোটারদের মধ্যে প্রতীকী ব্যালট বিতরণ করছিলেন রিপাবলিকান প্রার্থী রমনির প্রচারণাকর্মী ক্রিস রিডার। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আমি নিশ্চিত, অন্যবারের চেয়ে এবার অনেক বেশি ভোট পড়বে।’ ভোটারদের ধারণাও সে রকম। নাম প্রকাশ না করে এক বয়স্ক ভোটার বলেন, ‘আমি জানি, এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে।’কয়েক দিন আগে স্মরণকালের ভয়াবহতম ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে নিউইয়র্কসহ দেশের উত্তর-পূর্ব উপকূলীয় রাজ্যগুলো। সেখানেও ভোটারদের উৎসাহের কমতি নেই। নিউইয়র্ক, ওয়াশিংটন ও নিউজার্সিসহ উপকূলীয় বিভিন্ন অঞ্চলে দেখা গেছে, সকাল না হতেই লাইনে দাঁড়িয়ে গেছেন ভোটাররা।নিউজার্সির একটি কেন্দ্রের বাইরে ঘূর্ণিঝড়ের পর জমা ময়লা-আবর্জনা গতকাল পর্যন্ত সরানো হয়নি। তার মধ্যেই দেখা যায়, ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন শতাধিক মানুষ। ওই রাজ্যের হবোকেন নামের একটি জায়গায় তৈরি করা হয়েছে অস্থায়ী কেন্দ্র। সেখানে ভোট শুরু হতে প্রায় ৪০ মিনিট দেরি হয়ে যায়। ততক্ষণে বাইরে লাইনে জড়ো হয়ে যান প্রায় ৬০ জন ভোটার।কেন্দ্রের দরজা খোলার পর একজন স্বেচ্ছাসেবক বেরিয়ে এসে ভোটারদের উদ্দেশে বলেন, ‘দেরি হয়ে যাওয়ার জন্য ক্ষমা করবেন। দুই দিন আগেও এ জায়গা দুই ফুট পানির নিচে ছিল।’ফলাফল কখন কীভাবে: নির্বাচনে বিজয়ী হতে হলে শুধু জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই হবে না, ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি নিশ্চিত করতে হবে। নির্বাচন যতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আভাস পাওয়া যাচ্ছে, তাতে শেষ পর্যন্ত ফলাফল নির্ধারক হয়ে উঠতে পারে ওহাইও অঙ্গরাজ্য। আর এই অঙ্গরাজ্যেও যদি দুই প্রার্থীর ভোটের ব্যবধান সামান্য হয়, তখন ফলাফল জানতে অনেক সময় লেগে যেতে পারে। কেননা, তখন ডাকযোগে পাঠানো আগাম ভোটগুলো এসে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে ক্ষেত্রে ওবামা নাকি রমনি—কে যাচ্ছেন হোয়াইট হাউসে, তা জানতে কয়েক দিন অপেক্ষা করতে হবে। আর তা না হলে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।নিউইয়র্কে বিশেষ ব্যবস্থা: ঘূর্ণিঝড় স্যান্ডিতে বিপর্যস্ত মানুষজন সবাই যাতে ভোট দিতে পারেন, সে জন্য বিশেষ নির্দেশ জারি করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু মার্ক কুমো। গত সোমবারের ওই নির্দেশের ফলে রাজ্যের তালিকাবদ্ধ ভোটাররা যেকোনো কেন্দ্রে ভোট দিতে পারবেন। আরও ভোট: মোট প্রায় ১৬ কোটি ৯০ লাখ ভোটার প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ভোট দেবেন জাতীয় পর্যায়ের আরও দুটি নির্বাচনে। দেশের আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ১০০ আসনের এক-তৃতীয়াংশ ৩৩টি এবং নিম্নকক্ষ ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদের সবগুলোতে নির্বাচন হচ্ছে। একই সঙ্গে ১১টি অঙ্গরাজ্যের ভোটাররা বেছে নেবেন তাঁদের গভর্নরদের।