বঙ্গোপসাগরে নিম্নচাপ, তো কী হয়েছে! তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে, তো বয়েই গেছে। আকাশের মন খারাপ বলে হাজারো তরুণপ্রাণ কি মন খারাপ করে বিবাগি হয়ে বসে থাকবে? সব নিম্নচাপ, সতর্কসংকেত ও বৈরাগ্য ভুলে গিয়ে তাই গতকাল শুক্রবার ফয়’স লেকের কনকর্ড ওয়াটার পার্কে ওরা সবাই মেতে উঠেছিল তুমুল হাসি-আনন্দ-গানে। বৃষ্টির ছন্দে, নৃত্যের তালে ও গানের সুরে মেতে ওঠা তরুণ-তরুণীরা তাদের প্রিয় তারকাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে মাদককে ‘না’ বলেছে।বিকেলে অনুষ্ঠিত বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট চলাকালে মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরও শিল্পী-দর্শক কারোরই যেন কোনো ক্লান্তি নেই। চলছিল ধুন্ধুমার নাচ ও গান। মাঝেমধ্যে প্রিয় তারকাদের কথার ফুলঝুরিতে দর্শকরা উল্লাস প্রকাশ করছিল। এত উল্লাস, উন্মাদনায়ও কারও যেন কোনো ক্লান্তি নেই। প্রথম আলোর আয়োজনে অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল বাংলালিংক, কনকর্ড ও প্রথম আলো বন্ধুসভা। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই ও এবিসি রেডিও। কনসার্টে আসা তরুণ-তরুণী ও শিশু-কিশোরদের অনেকে একেবারে কাছে থেকে তাদের প্রিয় তারকাদের দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। কে ছিল না সেখানে? মৌসুমী, পূর্ণিমা, শখ, ইমন, মাহফুজ, মোশাররফ করিম, এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। আর সংগীতজগতের তারকারা তো ছিলেনই। সুর ও কথামালায় সবাই মাদককে ‘না’ বলেছেন। বৃষ্টির কারণে অনুষ্ঠান শুরু হতে কিছুটা দেরি হয়। তবে বিকেল চারটায় আব্দুন নূর তুষার যখন মঞ্চে উঠে মাইক হাতে নেন, তখন ওয়াটার পার্কের ফোয়ারার পানিতে নৃত্যরত দর্শকরা চিৎকার করে ওঠে। প্রথমেই মুসা ইব্রাহীম। তিনি বলেন, ‘বাংলাদেশ ৬৭তম দেশ হিসেবে এভারেস্ট জয় করেছে। আপনাদের মধ্যে কে কে আছেন এভারেস্ট জিততে চান?’তখন হাত তুলে সবাই এভারেস্ট জয়ের ইচ্ছা প্রকাশ করলেন। মুসা বলে গেলেন, ‘এভারেস্ট জিততে হলে মাদক নেওয়া যাবে না। আপনারা আমার সঙ্গে মাদককে “না” বলুন।’ তখন সবাই হাত তুলে মাদককে ‘না’ বললেন।এরপর মঞ্চে আসেন শিল্পী আরেফিন রুমী। তিনি তাঁর সুরের জাদুতে মোহিত করলেন সবাইকে। তিনি ভালোবাসি ভালোবাসি, জ্বলে ওঠো, গর্জে ওঠোসহ চারটি গান পরিবেশন করেন।অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘আমার তো ইচ্ছা করছে আপনাদের সঙ্গে পানিতে গিয়ে দাপাদাপি করি।’ তখন সবাই তাঁকে স্বাগত জানালেন। কিন্তু তারকারা কী সেভাবে পারেন? অগত্যা মোশাররফকে তুষার বললেন ভিলেনের অভিনয় করতে। তিনি মৌসুমীকে সঙ্গে নিয়ে ভিলেনের অভিনয় করে দেখালেন। শেষে মোশাররফ বললেন, ‘মাদক জীবন ধ্বংস করে দেয়। আপনাদের সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে।’ পাশাপাশি মাহফুজ বলেন, ‘আমি হলফ করে বলতে পারি, জীবনে কোনো দিন এক ফোঁটা মাদক নিইনি। তাই আপনারা মাদক নেবেন না। আপনাদের বন্ধুবান্ধবকে বলেন মাদক না নিতে।’ কনকর্ডের মহাব্যবস্থাপক আনিসুর রহমানও মাদককে ‘না’ বলতে সবার প্রতি আহ্বান জানান।ইমন আর শখ মাদককে না বলেই ক্ষান্ত হলেন না, নাচলেনও।একইভাবে মৌসুমী, পূর্ণিমা, শখ, ইমনসহ সবাই বললেন মাদককে না বলতে। এ ছাড়া বাড়তি হিসেবে তাঁদের অভিনয়ও ছিল। আরেফিন রুমীর পর যখন মঞ্চে বালামের ডাক পড়ল, তখন যেন ফোয়ারার ঢেউ আরও বেড়ে গেল। সবাই বালাম বালাম বলে রব তুললেন। বালাম ধরলেন তাঁর জনপ্রিয় ‘লুকোচুরি খেলনা’ গানটি। তাঁর সঙ্গে কণ্ঠ মেলালেন সবাই। পরে তিনি আজম খান স্মরণে ধরলেন ‘আসি আসি বলে তুমি আর এলে না’ গানটি। এ ছাড়া গাইলেন আরও দুটি গান। এরই ফাঁকে সব সংগীত ও অভিনয়শিল্পী একসঙ্গে হাত মিলিয়ে মাদককে না বললেন। তাঁদের সঙ্গে কণ্ঠ মেলালেন উপস্থিত দর্শকেরাও। এরই মধ্যে তুমুল বৃষ্টি। বৃষ্টিও বাধা হয়ে দাঁড়াতে পারল না। এরপর মঞ্চে এলেন মিলা। তুমি সাড়া দেবে, দোলা দে, রূপবানসহ চারটি গান করেন মিলা। তাঁর ‘বাবুরাম সাপুড়ে’ গানের সঙ্গে দর্শকদের প্রতিক্রিয়া মনে রাখার মতো। এরপর হূদয় খান এসে সবাইকে মাদক না নেওয়ার অনুরোধ করেন। তিনি অসুস্থতার কারণে গান গাইতে পারেননি। এভাবে সুরে সুরে এবং কথামালায় সবাই মাদককে না বলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।