তুরস্ক-ইসরায়েল সম্পর্ক উন্নয়নের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান টানাপোড়েন সম্পর্কের উন্নয়ন ঘটাতে তুরস্ক ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। অস্ট্রেলিয়া সফরে থাকা জাতিসংঘ মহাসচিব দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সঙ্গে বৈঠকে শেষে আজ শনিবার সাংবাদিকদের এ কথা বলেন।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বান কি মুন গাজামুখী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলায় নয়জন তুর্কি নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘ প্রতিবেদনের সুপারিশ গ্রহণ করার আহ্বানও জানান।জাহাজ ‘ফ্রিডম ফ্লোটিলা’য় অত্যধিক শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে জাতিসংঘের একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গতকাল শুক্রবার তুরস্ক সে দেশে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সামরিক সম্পর্কও স্থগিত করে।বান কি মুন বলেন, তুরস্ক ও ইসরায়েলের ভৌগোলিক অবস্থান ওই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। দেশ দুটির সুসম্পর্ক ও স্বাভাবিক সম্পর্ক মধ্যপ্রাচ্য শান্তি আলোচনাসহ পুরো মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন, ইসরায়েল ও তুরস্ক তাদের সম্পর্কের উন্নয়ন ঘটাবে। তবে বান কি মুন জাহাজে ইসরায়েলি হামলার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।গত বছরের ৩১ মে তুরস্কের নেতৃত্বে ফিলিস্তিনের গাজামুখী ফ্রিডম ফ্লোটিলায় ইসরায়েলি সেনাদের হামলায় নয়জন তুর্কি নাগরিক নিহত হয়। এর কয়েক দিন পর গাজা অভিমুখী আরেকটি ত্রাণবাহী জাহাজও আটকে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। এরপর থেকে একসময়ের মিত্র ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।এদিকে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল গতকাল মন্তব্য করেন, ‘প্রকৃতপক্ষে জাতিসংঘের এ প্রতিবেদন আমাদের জন্য “অর্থহীন” একটি বিষয়।’ তিনি বলেন, ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হবে।