তুরস্কে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার জন্য ১০২ জনকে গ্রেপ্তারের নির্দেশ
তুরস্কের একটি আদালত সরকারকে উত্খাত করার ষড়যন্ত্র করার দায়ে অভিযুক্ত ১০২ ব্যক্তিকে গ্রেপ্তার এবং তাদের বিচার হওয়া পর্যন্ত জেলে আটকে রাখার নির্দেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি আজ শনিবার এ তথ্য জানায়।এই ১০২ ব্যক্তি এ সপ্তাহে সরকারবিরোধী অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে অভিযুক্ত ১৯৬ জনেরই একাংশ। এদের মধ্যে বেশ কয়েকজনকে গত ফেব্রুয়ারি মাসে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়। এই ৯৪ জন তাদের বিচার হওয়া পর্যন্ত মুক্ত থাকবেন।অভিযুক্তদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনা কমান্ডারও রয়েছেন। আগামী ১৬ ডিসেম্বরে তাদের বিচার হওয়া পর্যন্ত জেলখানায় বন্দী থাকতে হবে। তাঁরা হলেন তুরস্কের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ডোগান সেটিন, নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল ওজডেন ওরনেক ও সাবেক বিমানবাহিনীর কমান্ডার জেনারেল হালিল ইব্রাহিম ফ্লার্টিনা। অভিযোগে বলা হয়, ২০০৩ সালে ক্ষমতাসীন একেপি দল ক্ষমতায় আসার অল্প কিছু দিন পর তুরস্কের প্রথম আর্মির ইস্তাম্বুল ঘাঁটিতে তথাকথিত ওই ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়।তথাকথিত ওই ষড়যন্ত্রটির গোপন নাম অপারেশন শ্লেজহ্যামার। জানা যায়, এর অধীনে কয়েকটি মসজিদে বোমা হামলা চালিয়ে ও প্রতিবেশী দেশ গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা বাড়িয়ে রাজনৈতিক অরাজকতা সৃষ্টি ও সামরিক বাহিনী কর্তৃক ক্ষমতা দখলকে যুক্তিসংগত করার পরিকল্পনা করা হয়।