তুরস্কে আবারও ভূমিকম্প, নিহত ৫ (ভিডিওসহ)
তুরস্কের পূর্বাঞ্চলে তিন সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আবার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে পাঁচ দশমিক সাত মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। এতে দুটি হোটেল ও প্রায় ১২টি ভবন ধসে পড়েছে। প্রাথমিকভাবে পাঁচজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভন শহর থেকে ১৬ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অন্তত ১০০ লোক এখনো ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আর বিধ্বস্ত হোটেল দুটির মধ্যে একটিতে ৭০ জনেরও বেশি লোক ছিল।টেলিভিশন ফুটেজে দেখা যায়, ভূমিকম্পের পরপরই লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।ভূমিকম্পের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমিত দাভুতোগলু ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন। ভূমিকম্পের পরপরই তিনি ঘটনাস্থলে ছুটে যান। প্রায় ৩০টি অ্যাম্বুলেন্সে করে হতাহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। আর পাঁচটি বিমান দিয়ে উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পৌঁছে দেওয়া হচ্ছে।গত ২৩ অক্টোবর দেশটির ভন শহরে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬০০ লোক প্রাণ হারায়।