তুরস্কে তিন জেনারেলসহ ৩২৬ সেনাসদস্যের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ইসলামপন্থী সরকার উৎখাতে অভ্যুত্থানের পরিকল্পনার দায়ে সেনাবাহিনীর সাবেক তিন জেনারেলসহ ৩২৬ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তিন জেনারেলকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তুরস্কের একটি আদালত গত শুক্রবার এ রায় দেন। ২০০৩ সালে তুরস্কের সরকারকে উৎখাতে অভ্যুত্থানের পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় সেনাবাহিনীর সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ৩৬৫ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। রাজধানী ইস্তাম্বুলের কাছে সিলিভ্রিতে একটি আদালতে ২০১০ সালের ডিসেম্বরে এ মামলার বিচার শুরু হয়। আদালতের তিনজন বিচারকের একটি প্যানেল শুক্রবার রায় দেন। রায়ে ২০ বছরের দণ্ড পাওয়া সাবেক তিন জেনারেল হলেন: বিমানবাহিনীর সাবেক প্রধান ইব্রাহিম ফিরতিনা, নৌবাহিনীর সাবেক প্রধান ওজদেন অরনেক এবং সাবেক ফার্স্ট আর্মি কমান্ডার সেতিন দোয়ান। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটির খবরে বলা হয়, আদালত প্রাথমিকভাবে সাবেক তিন জেনারেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে অভ্যুত্থানের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল—এই যুক্তিতে পরে তাঁদের শাস্তি কমিয়ে ২০ বছর করা হয়। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত বাকি ৩২৩ জনের মধ্যে সাবেক একজন জেনারেল রয়েছেন, যিনি গত বছর পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। প্রাথমিকভাবে তাঁদের মধ্যে ৭৮ জনকে ১৮ বছর করে এবং ২৪৬ জনকে ১৬ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পরে ২৮ জনের দণ্ড কমিয়ে ১২ বছর করা হয়। আদালত ৩৬ জনকে বেকসুর খালাস দেন। অন্য তিনজনের বিরুদ্ধে আগেই মামলা স্থগিত করা হয়েছিল। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা আদালতের এই রায়ের বিরুদ্ধে তুরস্কের সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন। এএফপি।