তুরস্কে বিদ্রোহীদের বোমা হামলায় আট পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের বিংগার প্রদেশে আজ রোববার সকালে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে আট পুলিশ নিহত ও নয়জন আহত হয়েছেন। নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানান। বিংগার প্রদেশের কারলিওভা শহরের পাশ দিয়ে নিরাপত্তাকর্মীদের বহনকারী একটি বাস যাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। নিরাপত্তাকর্মীরা এ হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীদের দায়ী করছেন। তুরস্কের সেনাবাহিনী ও পিকেকে বিদ্রোহীদের মধ্যে চলমান সহিংসতা গত বছর তীব্র আকার ধারণ করে। বিদ্রোহীদের দমনে ওই অঞ্চলসহ পার্শ্ববর্তী ইরাকে সেনাবাহিনী অভিযান চালিয়েছে।১৯৮৪ সাল থেকে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিজেদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে পিকেকে। তবে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে। এখন পর্যন্ত পিকেকে ও সেনাবাহিনীর মধ্যে সহিংসতায় ৪০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বিবিসি।