তুরস্কে বিস্ফোরণে ২৫ সেনা নিহত
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর আফিয়নে গতকাল বুধবার গভীর রাতে সেনাবাহিনীর গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনায় ২৫ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার তুর্কি সেনাবাহিনীর বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়। তুর্কি সেনাবাহিনীর ওয়েবসাইটে চিফ অব স্টাফের দেওয়া তথ্য থেকে জানা যায়, গতকাল গভীর রাতে সেনাবাহিনীর ওই গোলাবারুদের গুদামে বিস্ফোরণ ঘটে। গুদামে গ্রেনেড মজুদ ছিল। দুর্ঘটনায় নিহত সেনাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে তাঁদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য সেগুলো আঙ্কারায় সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে একটি বেসরকারি টেলিভিশনের খবরে জানানো হয়।বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। সন্ত্রাসী কর্মকাণ্ড বা নাশকতার কারণে এই বিস্ফোরণের সম্ভাবনা নাকচ করেছেন সরকারি কর্মকর্তারা। তুরস্কের পরিবেশ ও বনমন্ত্রী ভেইসেল ইরোগলু টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘এটি অবশ্যই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। দুর্ঘটনাবশত এটি ঘটে থাকতে পারে। সম্ভবত কোনো গ্রেনেড ওপর থেকে নিচে পড়ে গিয়েছিল।’