তুরস্কে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৫৯
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভূমিকম্পে ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া লোকজনকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ধীরে ধীরে কমে যাচ্ছে। ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৫৯ জন হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।এদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের একই এলাকায় পাঁচ দশমিক চার মাত্রার আর একটি ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভন প্রদেশের কারাগারে ভীতি ছড়িয়ে পড়ে। কারাগারের ভেতরে বন্দীরা অগ্নিসংযোগ ও দাঙ্গায় জড়িয়ে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজ দ্রুত শেষ করার জন্য তাঁরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন।এদিকে দেশটির সরকার ভূমিকম্পে আশ্রয়হীন হয়ে পড়া প্রায় ১০ হাজার মানুষের সহায়তায় আন্তর্জাতিক সাহায্য আহ্বান করেছে। জাপান জানিয়েছে, তারা চার লাখ মার্কিন ডলার ত্রাণ সহায়তা দেবে। ঘোষিত এ সহায়তা দ্রুতই পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছে তারা। ভূমিকম্পে আশ্রয়হীন হয়ে পড়া হাজার হাজার মানুষ তীব্র ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে বা তাঁবুর মধ্যে দিন-রাত কাটছে। উদ্ধার তত্পরতা ও ত্রাণ কার্যক্রমে সরকারের সমন্বয়হীনতার অভিযোগ এনেছেন ভুক্তভোগীরা।কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার পর্যন্ত নিহত লোকজনের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জন। আহত হয়েছে এক হাজার ৩৫২ জন। নিহত লোকজনের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে। তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম।উল্লেখ্য, গত রোববার তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভন প্রদেশে সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে দুই হাজার ২৬২টি ভবন বিধ্বস্ত হওয়ার পাশাপাশি অবকাঠামোসহ ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।