তুরস্কে মার্কিন দূতাবাসে আত্মঘাতী হামলায় নিহত ১
তুরস্কের রাজধানী আঙ্কারায় গতকাল শুক্রবার মার্কিন দূতাবাসের প্রবেশদ্বারে আত্মঘাতী বোমা হামলায় একজন রক্ষী নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ কথা জানান। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার।গতকাল স্থানীয় সময় বেলা সোয়া একটার দিকে ওই হামলাকারী দূতাবাসে ঢুকে তার শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে একজন রক্ষী নিহত হন। এ ছাড়া একজন তুর্কি নারী গুরুতর আহত হন; তিনি একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক বলে জানা গেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুয়াম্মার গুলের জানান, তাত্ক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে হামলাকারী দেশটির বামঘেঁষা চরমপন্থী সংগঠন রেভল্যুশনারি পিপলস লিবারেশন পার্টি ফ্রন্টের (ডিএইচকেপি-সি) সদস্য হতে পারে। এ ধারণা হওয়ার কারণ অবশ্য তিনি ব্যাখ্যা করেননি। এই দলটি মার্কিন ও ন্যাটোবিরোধী। এ ছাড়া দলটি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত।জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই হামলাকে ‘ঘৃণ্য ঘটনা’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে।