তুরস্কে মার্কিন দূতাবাসে হামলার দায় বামপন্থীদের
তুরস্কের রাজধানী আঙ্কারার স্থানীয় সরকার আজ শনিবার বলেছে, দেশটির মার্কিন দূতাবাসে আত্মঘাতী হামলা চালানোর দায় একটি বামপন্থী দলের। দলটি দীর্ঘদিন ধরে বলে আসছে, যুক্তরাষ্ট্র তুরস্ককে ‘দাস’ হিসেবে ব্যবহার করছে। রয়টার্স জানায়, আঙ্কারার তদন্তকারী দল ডিএনএ পরীক্ষা শেষে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে।তুরস্কের বামপন্থী দল রেভল্যুশনারি পিপলস লিবারেশন আর্মি ফ্রন্টের (ডিএইচকেপি-সি) সদস্য এসেভিট সানলি গত শুক্রবার দূতাবাসের গেটে নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। ঘটনায় তিনি ছাড়াও এক তুর্কি নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তদন্তকারী দল বলছে, তিনি জোর করে দূতাবাসে ঢোকার চেষ্টা করছিলেন।যুক্তরাষ্ট্র ও তুরস্ক সরকার কট্টর মার্কিনবিরোধী দল ডিএইচকেপি-সিকে সন্ত্রাসবাদী দল হিসেবে চিহ্নিত করেছে। দলটি গতকাল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ওই হামলার দায় স্বীকার করে। তুর্কি প্রধানমন্ত্রী তাইপে এরদোগানকে তারা বিবৃতিতে ‘মার্কিন পুতুল’ বলে অভিহিত করেছে।হামলার কয়েক ঘণ্টা পর এরদোগান ডিএইচকেপি-সিকে দায়ী করে বক্তব্য দিয়েছিলেন। করণীয় ঠিক করতে তিনি গতকাল শনিবার তাঁর মন্ত্রিপরিষদ ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইস্তাম্বুল ও আঙ্কারা থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটি।ঘটনাকে যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে নিন্দা করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও হামলাকে ঘৃণিত অপরাধ হিসেবে বক্তব্য দিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, হামলার পেছনে মার্কিন বিদ্বেষ ছাড়াও অন্য কারণ আছে। গত মাসে তুরস্কের পুলিশ ডিএইচকেপি-সির সন্দেহভাজন সদস্যদের ধরতে দেশব্যাপী অভিযান চালায়। অভিযানে ৮৫ জনকে আটক করা হয়। পরে আদালত তাঁদের মধ্যে ৩৮ জনকে হাজতে পাঠায়।বিবৃতির ভাষ্য‘দ্য পিপলস ক্রাই’ ওয়েবসাইটে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, ‘ঘাতক আমেরিকা! জনগণের রাগের আগুন থেকে তুমি পালাতে পারবে না।’ বিবৃতিতে এসেভিট সানলির একটি ছবিও সেঁটে দেওয়া হয়েছে। ছবিতে সানলি বেরেট টুপি ও সামরিক পোশাক পরে দাঁড়িয়ে আছেন। তাঁর কোমরে বিস্ফোরক আঁটা একটি বেল্ট। বিবৃতিতে আরও বলা হয়, তাদের আরেক লক্ষ্যবস্তু হলেন এরদোগান।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ মিত্র তুরস্ক। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের জ্বালানি-নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে মূল সহযোগী তুরস্ক। ডিএইচকেপি-সিসহ তুরস্কের বাকি বামপন্থী দলগুলো দেশটির এই অবস্থানের ঘোরতর বিরোধী। দলগুলোর বক্তব্য, সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র তুরস্ককে পরিচালিত করছে।গত বুধবার ডিএইচকেপি-সি যুক্তরাষ্ট্রের জন্য এক বিবৃতিতে প্রচার করে। বিবৃতিতে তুরস্ক থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার দাবি করা হয়। তুরস্ককে সিরিয়ার সম্ভাব্য হামলা থেকে বাঁচাতে ন্যাটো দেশটিতে জার্মানি ও নেদারল্যান্ডসের তৈরি ক্ষেপণাস্ত্র মোতায়েন করে। ডিএইচকেপি-সির বিবৃতিতে বলা হয়, ‘আমাদের মূল কাজ হলো যুক্তরাষ্ট্রের দাসে পরিণত হওয়া আমাদের এই দেশকে স্বাধীন করা।’ গত শতকের নব্বইয়ের দশকের শুরুতে উপসাগরীয় যুদ্ধের প্রতিবাদে ডিএইচকেপি-সি এক মার্কিন সেনাবাহিনীর ঠিকাদারকে হত্যা করে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৯৯২ সালে ডিএইচকেপি-সি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্রের উপদূতাবাসে হামলা চালিয়েছিল।২০০১ সালে ডিএইচকেপি-সি ইস্তাম্বুলের তাকসিম চত্বরে আরেকটি আত্মঘাতী হামলা চালিয়েছিল। সে হামলায় পুলিশের দুজন কর্মকর্তা এবং একজন পর্যটক মারা গিয়েছিলেন। দলটি ছয় মাস আগে এক থানায় হামলা চালিয়ে বেশ কয়েকজন পুলিশকে হত্যা করে। কে এই সানলিআঙ্কারার গভর্নরের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে যে, হামলা চালিয়েছেন সানলি। তিনি প্রায় এক দশক থেকে পলাতক। পুলিশ দীর্ঘদিন থেকে তাঁকে ধরার চেষ্টা চালিয়ে আসছে।ইস্তাম্বুলের এক থানায় ও এক সামরিক শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার দায়ে ১৯৯৭ সালে সানলির কারাদণ্ড হয়। ১৯৭৩ সালে কৃষ্ণসাগরের তীরবর্তী শহর ওরদুতে জন্মগ্রহণ করেন সানলি। কারাগারে তিনি অনশন শুরু করলে সরকার তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়। পুলিশ জানিয়েছে, ২০০২ সালে সানলিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে ওই বছরই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। স্বরাষ্ট্রমন্ত্রী মুয়াম্মার গুলার বলেছেন, পরে কোনো একসময় সানলি নকল কাগজপত্র ব্যবহার করে তুরস্কে ঢোকেন।