তুরস্কের কাছে ইসরায়েলের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ত্রাণবাহী জাহাজে হামলার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল। পারস্পরিক বিরোধ মিটিয়ে সম্পর্ক স্বাভাবিক করতেও রাজি হয়েছে তারা। মধ্যপ্রাচ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এতে মধ্যস্থতা করেন। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।২০১০ সালে তুরস্ক থেকে ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজাগামী ফ্লোটিলা জাহাজে হামলা চালায় ইসরায়েল। এতে নয়জন তুর্কি নাগরিক নিহত হন। এর জের ধরে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। গতকাল ওবামার ইসরায়েল সফর শেষ হওয়ার আগে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান টেলিফোনে কথা বলেন। গতকাল তেল আবিব বিমানবন্দর থেকে জর্ডানের উদ্দেশে ওবামার রওনা হওয়ার আগে এরদোগানের সঙ্গে ফোনে আলাপ করেন নেতানিয়াহু। ৩০ মিনিট কথা বলেন তাঁরা। এ সময় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রাজি হন দুজন। এর অংশ হিসেবে দুই দেশের রাষ্ট্রদূতদের আবার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ দুই সরকারপ্রধান।ওবামার বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, ‘তুরস্ক ও ইসরায়েলের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ককে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি। মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার বিষয়টি এগিয়ে নিতে আমরা দুই দেশের ইতিবাচক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছি।’তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু জানান, ইসরায়েলের আনুষ্ঠানিক দুঃখ প্রকাশের মধ্য দিয়ে তুরস্কের সব দাবি পূরণ হয়েছে।