তুরস্কের প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগান ও তাঁর স্ত্রী মাদাম এমিন এরদোগান দুই দিনের সরকারি সফরে আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশে এসেছেন। বিমানবন্দরে তাঁদের লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।আজ সন্ধ্যা ছয়টায় তুর্কি এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরদোগান ও মাদাম এরদোগানকে অভ্যর্থনা জানান। ছোট দুটি শিশু তাঁদের ফুলের তোড়া উপহার দেয়।জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, অ্যামসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, তিন বাহিনীর প্রধানেরা, বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত এম ভাজুর হরকুল, প্রধানমন্ত্রীর প্রেস সচিবসহ প্রমুখ তুরস্কের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন। বিমানবন্দরে অবতরণের পর বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল এরদোগানকে গার্ড অব অনার প্রদান করে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে তুরস্কের প্রধানমন্ত্রী কাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।তুরস্কের প্রধানমন্ত্রী আজ রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত এক রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন। এ ছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কাল তাঁর সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করবে।এরদোগান ও মাদাম এরদোগান কাল নগরের উত্তরায় তার্কিস হোপ ইন্টারন্যাশনাল স্কুলও পরিদর্শন করবেন। কাল বিকেলে তাঁরা দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।এর আগে এ বছর ফেব্রুয়ারিতে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের সফরের পর কোনো তুর্কি নেতার এটাই উচ্চপর্যায়ের সফর। বাসস।