তুরস্কের প্রধানমন্ত্রী ১৩ নভেম্বর বাংলাদেশে আসছেন
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়িপ এরদোগান ১৩ নভেম্বর দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন।এ বছরের ফেব্রুয়ারি মাসে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের সফরের পর এটি হবে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর।এরদোগান রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।সরকারি সূত্র জানায়, তুরস্কের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের নেতাদের মধ্যে আলোচনায় বিমান চলাচল এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয় প্রাধান্য পাবে।সূত্র আরও জানায়, এরদোগানের সফরকালে এ দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা-সংক্রান্ত একটি চুক্তি এবং আঙ্কারা ও ঢাকায় দূতাবাসের জন্য জমি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হতে পারে।উল্লেখ্য, ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উভয় দেশের মধ্যে চমত্কার দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রয়েছে। তুরস্ক ১৯৭৬ সালে ঢাকায় এবং বাংলাদেশ ১৯৮১ সালে আঙ্কারায় দূতাবাস চালু করে।এর আগে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আমন্ত্রণে গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি আবদুল্লাহ গুল বাংলাদেশ সফর করেন। গত বছরের জানুয়ারি মাসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এটি ছিল কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম সফর।ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) আয়োজিত অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা-বিষয়ক স্থায়ী কমিটির (কমসেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত বছরের নভেম্বর মাসে তুরস্কে চার দিনের সফরকালে জিল্লুর রহমান তুরস্কের প্রেসিডেন্ট গুলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। —বাসস