তুরস্কের যুদ্ধবিমান ভূপাতিত করেছে সিরিয়া
সিরিয়ার বিমানবাহিনী গতকাল শুক্রবার তাদের জলসীমার আকাশে তুরস্কের একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোয়ানের দপ্তর থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি বিবৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছে তুর্কি সরকার। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের দারাত ইজ্জা গ্রামে গতকাল শুক্রবার সন্ত্রাসী হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে দাবি করা হয়। হত্যার পর তাদের অঙ্গপ্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গতকাল দারাত ইজ্জার সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ার ২৫ জন নাগরিককে অপহরণ করার পর তাঁদের গুলি করে হত্যা করে। এরপর লাশগুলোর অঙ্গহানি করা হয়। নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।গতকাল অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে আলেপ্পো প্রদেশের ওই গ্রামে সংঘটিত হত্যাযজ্ঞের পরবর্তী চিত্র প্রকাশ পায়। ভিডিওতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনেক লাশ দেখা গেছে। মানবাধিকার কর্মীদের দাবি, প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিদ্রোহীদের গুলিতে সরকার অনুগত ২৬ জন নিহত হয়েছে।