তুরস্কের রাষ্ট্রদূতকে তলব, অসন্তোষ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ ভিসার ‘অপব্যবহার’ করে তুরস্কের বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিদল বাংলাদেশে এসে মানবতাবিরোধী অপরাধের আসামিদের পক্ষে দূতিয়ালি করায় সরকার উদ্বিগ্ন। আজ বুধবার তুরস্কের রাষ্ট্রদূত মেহমুত ভারকুল ইরকুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে সরকারের অসন্তোষের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মুস্তাফা কামাল তুর্কি রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশ সরকারের এ অবস্থান তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলার সময় ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব উল্লেখ করেন, তুর্কি এনজিও ক্যানসুয়ু এইড অ্যান্ড সলিডারিটি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলটি ঢাকা আসার দিন (২০ ডিসেম্বর) বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়। আগে জানানো হলে সরকার বিষয়টি সম্পর্কে অবহিত থাকতে পারত। এ সময় তুরস্কের রাষ্ট্রদূত বলেন, তিনি ওই দিনই আঙ্কারা থেকে তাদের বাংলাদেশ সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানানোর নির্দেশনা পান। এদিকে তুরস্কের রাষ্ট্রদূত আজ এটা বোঝাতে চেয়েছেন, তুরস্কের প্রতিনিধিদলটি ২০ থেকে ২৪ ডিসেম্বর ঢাকা সফরের সময় যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে কোনো রকমের দূতিয়ালি করতে আসেনি। বরং বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে জানতে প্রতিনিধিদলটি বাংলাদেশ সফর করেছে।তবে বাংলাদেশের পক্ষ থেকে আজ সুস্পষ্টভাবেই জানানো হয়েছে, প্রতিনিধিদলটি যেভাবে বাংলাদেশে এসেছে এবং এ সফরের সময় যেসব কর্মকাণ্ড চালিয়েছে, তাতে সরকার উদ্বিগ্ন। কারণ, ‘অন অ্যারাইভেল ভিসা’র অপব্যবহার করে তুরস্কের প্রতিনিধিদলটি সঠিক কাজ করেনি। তা ছাড়া কোনো বিষয়ে বিভ্রান্তি কিংবা সমস্যা তৈরি করা কোনো বন্ধুপ্রতীম রাষ্ট্রের কাজ নয় বলে বাংলাদেশ মনে করে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ আশা করে, ভবিষ্যতে এ ধরনের কিছু ঘটবে না। বাংলাদেশের এ অবস্থান তাঁর সরকারের কাছে জানাতে তুর্কি রাষ্ট্রদূতকে বলা হয়েছে। আর বাংলাদেশ সরকারের অবস্থান উল্লেখ করে আজ মেহমুত ভারকুল ইরকুলকে একটি কূটনৈতিক পত্র (এইড মেমোয়ার) দেওয়া হয়েছে। তুরস্কের সাবেক প্রতিমন্ত্রী লুতফু সেনজুনের তুরস্কের ক্যানসুয়ু এইড অ্যান্ড সলিডারিটি অ্যাসোসিয়েশনের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল ২০ থেকে ২৪ ডিসেম্বর ঢাকা সফর করে। প্রতিনিধিদলে ছিলেন সাংসদ, রাজনীতিবিদ ও আইনজীবী। তাঁদের মধ্যে ছিলেন তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট একে পার্টি ও ডানপন্থী দল সাদেত পার্টির প্রতিনিধিরা। বাংলাদেশ সফরের সময় তুরস্কের প্রতিনিধিদলটি যুদ্ধাপরাধের বিচার পর্যবেক্ষণের পাশাপাশি আইনমন্ত্রী শফিক আহমেদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু, আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সঙ্গে বৈঠক করেছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধাপরাধের বিচারে আসামিপক্ষের লবিং করতে তুরস্কের প্রতিনিধি দলটি ঢাকা সফর করেছে।