তুরাগ এলাকা থেকে এটিএন বাংলার ক্যামেরাম্যানের লাশ উদ্ধার
রাজধানীর উপকণ্ঠে তুরাগ থানার রোস্তমপুর এলাকা থেকে আজ রোববার সকালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান সফিকুল ইসলাম ওরফে মিঠুর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে আজ সকালে মিঠুকে গতকাল থেকে নিখোঁজ জানিয়ে তাঁর ছোট ভাই রহমতুল ইসলাম ওরফে মুক্ত রাজধানীর দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।তুরাগ থানার পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে রোস্তমপুরের বেড়িবাঁধ সড়কের ঢাল থেকে মিঠুর লাশ উদ্ধার করা হয়। প্রথমে লাশটির পরিচয় পাওয়া যায়নি। পরে বিভিন্ন থানায় বার্তা পাঠালে তারা জানতে পারে, রাজধানীর দক্ষিণখান থানায় এক ব্যক্তি হারিয়ে গেছে মর্মে একটি জিডি করা হয়েছে। যে ব্যক্তি জিডি করেছেন তাঁকে; অর্থাত্ মুক্তকে, ডেকে পাঠায় তারা। খবর পেয়ে মুক্ত ঘটনাস্থলে গিয়ে লাশটি তাঁর ভাইয়ের বলে শনাক্ত করেন। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পূর্বশত্রুতার জের ধরে বা ছিনতাইকারীরা গাড়িতে হত্যা করে মিঠুর লাশ এখানে ফেলে গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।