তুরাগ দূষণ, গাজীপুরে দুই কারখানার জরিমানা
শিল্পবর্জ্যে তুরাগ নদ দূষণ করার অপরাধে গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার দুটি কারখানাকে আজ সোমবার ২১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার আর এস নিট কম্পোজিট লিমিটেড কারখানাকে ২০ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানাগুলোর ব্যবস্থাপনা পরিচালককে ওই দণ্ড দিয়ে দূষণ নিয়ন্ত্রণের নির্দেশ দেন। তিনি বলেন, কারখানাগুলো থেকে নিঃসৃত তরল বর্জ্যে দ্রবীভূত কোনো অক্সিজেন পাওয়া যায়নি। ওই দুটি কারখানা থেকে আনুমানিক ৯৬ কোটি লিটার তরল বর্জ্য তুরাগ নদে ফেলার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, নৈতিকতা না থাকায় ব্যবসায়ীরা নির্বিচারে পরিবেশ ধ্বংস করে যাচ্ছেন। তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের ভয়াবহ পরিণতি রোধে পরিবেশ অধিদপ্তর গাজীপুরকে বিশেষ অগ্রাধিকারে রেখে অভিযান চালাবে, যাতে কারখানা কর্তৃপক্ষ দূষণ বন্ধে বাধ্য হয়।