তুরাগ নদে নৌকাডুবিতে দুজন নিখোঁজ
ঢাকার সাভারের সাদুল্লাহপুর থেকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাওয়ার পথে গতকাল শুক্রবার রাতে তুরাগ নদে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এতে দুজন যুবক নিখোঁজ রয়েছেন। তাঁদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে আটজন যুবক মিরপুর বেড়িবাঁধ থেকে একটি নৌকা ভাড়া করে সাভারের সাদুল্লাহপুরে একটি বিয়ের অনুষ্ঠানে আসেন। গতকাল রাত নয়টার দিকে সাদুল্লাহপুর থেকে মিরপুরে ফিরে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। এতে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। শেষ খবর পাওয়া অন্য দুজন নিখোঁজ রয়েছেন। তাঁদেরকে স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাভার থানা এবং রাজধানীর শাহ আলী থানার পুলিশ এ ব্যাপারে পরস্পর দায় এড়িয়ে যাচ্ছে। শাহ আলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থল সাভার থানা এলাকা বলে সেখানে যোগাযোগ করতে বলেন। অন্যদিকে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনাস্থল শাহ আলী থানার বলে এ ব্যাপারে সেখানে যোগাযোগ করার পরামর্শ দেন।তবে সাভার থানার উপপরিদর্শক আবুল হোসেন সাদুল্লাহপুর এলাকার লোকজনের বরাত দিয়ে জানান, রাত নয়টায় দিকে নৌকাটি সাদুল্লাহপুর থেকে মিরপুর বেড়িবাঁধে যাওয়ার পথে ডুবে যায়। এ ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি ঢাকার মগবাজারে বলে জানা গেছে।