তুরাগ নদে যাত্রীবাহী বাস, উদ্ধারকাজ আপাতত বন্ধ
সাভারের আমিনবাজারে সালেহপুর সেতুতে ওঠার সময় আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস তুরাগ নদে পড়ে যায়। বাসটি রাজধানীর শ্যামলী থেকে সাভারের দিকে যাচ্ছিল। দুজন নারী ও চারজন পুরুষ যাত্রী সাঁতরে তীরে উঠলে স্থানীয় লোকজন তাঁদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা খাতুন নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রী মারা গেছেন বলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন। এদিকে স্রোতের টানে বাসটি ঘটনাস্থল থেকে দক্ষিণ দিকে ১৫০ থেকে ২০০ গজ দূরে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। রাত এগারটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাসটির অবস্থান বা নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ আপাতত বন্ধ রেখেছেন। চট্টগ্রাম থেকে সোনার যন্ত্র নিয়ে আসার পর উদ্ধারকাজ শুরু হবে।তপন নামে বেঁচে যাওয়া বাসের এক যাত্রী জানান, চাকা বিকল হওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই বাসটি ২০-৩০ ফুট পানির নিচে চলে যায়। তিনি বাসের জানালা দিয়ে বের হয়ে সাঁতরে তীরে ওঠেন। তিনি দাবি করেন, বাসটিতে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত জীবিত বা মৃত অবস্থায় কাউকে উদ্ধার করা যায়নি। সালেহপুরের বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী তসলিম জানান, সেতুতে ওঠার সময় বাসের সামনের দিকের বাঁ-পাশের চাকাটি বিকল হয়ে যায়। মুহূর্তের মধ্যেই বাসটি তুরাগ নদে পড়ে যায়। এরপর তিনি দুজন মহিলা ও চারজন পুরুষকে সাঁতরে তীরে উঠতে দেখেছেন বলে দাবি করেন।সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাব্বী মিয়াও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।