তুরাগ নদের সীমানায় স্থাপিত সব খুঁটি অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি মোজাফ্ফর আহমদ বলেছেন, নদীর জায়গা দখলমুক্ত করার জন্য উচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও তুরাগ নদের সীমানা খুঁটি বসানো হয়েছে নদীর জায়গার মধ্যেই। সরকারিভাবেই যে ভুল করা হয়েছে, তা সংশোধন করে সঠিকভাবে খুঁটি স্থাপন করতে হবে। কারণ, দেশের নদী প্রবহমান না থাকলে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস হবে, যা জাপানের মতো বিপর্যয় ডেকে আনতে পারে।বাপার উদ্যোগে গতকাল শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোজাফ্ফর আহমদ এসব কথা বলেন। প্রসঙ্গত, ২০০৯ সালে হাইকোর্টের এক মামলার রায়ে খুঁটি পুঁতে নদীর সীমানা নির্ধারণ, হাঁটার পথ তৈরি এবং নদীর পাড়ে বৃক্ষরোপণের নির্দেশ দেওয়া হয়েছিল।সংবাদ সম্মেলন থেকে তুরাগ নদের সীমানায় স্থাপিত সব খুঁটি অবিলম্বে অপসারণ, নদীবিষয়ে হাইকোর্টের সব নির্দেশনার পূর্ণ বাস্তবায়ন, সারা দেশের সব নদীর প্রকৃত সীমানা সঠিকভাবে নির্ধারণ, দখলদার উৎখাত, রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) নির্দেশিত ‘৫০ মিটার প্রস্থ নদীর পাড়’ সংরক্ষণ নিশ্চিত করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, তুরাগ নদে যা করা হয়েছে, তা নদী রক্ষার চেয়ে নদী হত্যা করারই শামিল।অন্যদের মধ্যে বাংলাদেশ স্থাপত্য ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাপার যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব বক্তব্য দেন। বক্তারা তুরাগ নদে খুঁটি পোঁতার বিষয়ে দুর্নীতির সুষ্ঠু তদন্ত দাবি করেন। মূল বক্তব্য উপস্থাপন করেন বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন।সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা ও চারপাশের নদীগুলোর দখল ঠেকাতে জেলা প্রশাসনের সহায়তায় অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ১২ এপ্রিল টঙ্গী কামারপাড়া সেতুর কাছে তুরাগ নদে সীমানা খুঁটি পোঁতার যে কাজ শুরু করেছে, তা এক ধরনের প্রহসন। যেভাবে কাজের সূচনা করা হয়েছে, তা চলতে থাকলে তুরাগ ছাড়াও বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, ধলেশ্বরী—কোনো নদীই রক্ষা পাবে না। যার পরিণতিতে শুধু এ বাবদ রাখা বাজেটের ৩০ কোটি ৭ লাখ ৭৮ হাজার টাকা খরচই হবে।বক্তারা আরও বলেন, খুঁটিগুলো পোঁতা হয়েছে বর্তমান শুকনো মৌসুমে তুরাগ নদের স্বল্প প্রবাহের (লিন ফ্লো) পানির পাশে, যা নদীর ঢাল ও পাড়কে বাদ রেখে করা ত্রুটিযুক্ত একটি কাজ। এই সীমানা নির্ধারণের কাজটি এ-বিষয়ক হাইকোর্টের নির্দেশেরও বরখেলাপ।