তুরাগ ভরাট হওয়ায় বৃত্তাকার নৌপথ অবরুদ্ধ
‘সোজা হয়ে নয়, একটু এগোলেই দেখবেন নৌযান চলে এঁকেবেঁকে। প্রবল স্রোত বা ঢেউয়ের জন্য নয়, চলার পথে পদে পদে বাধার কারণে এ অবস্থা। বাধাগুলো প্রকৃতিপ্রদত্ত নয়, মনুষ্য সৃষ্ট। সেই মানুষদের অনেককে এখন অনেকে ভূমিদস্যু বলেন।’আমিনবাজার সেতুর কাছে এই প্রতিবেদকের কাছে এ রকমই বলছিলেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক এনামুল কবির। গৃহশিক্ষকতার কারণে তিনি আশুলিয়া থেকে আমিনবাজার যাতায়াত করেন নিয়মিত। তাঁর কথা যে পুরোপুরি সত্যি, ওই পথটি দিয়ে চলতে গিয়ে তা সহজেই বোঝা যায়।ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথের আমিনবাজার থেকে আশুলিয়া পর্যন্ত (প্রথম পর্ব) সাতটি স্থানে বিরাট অংশ ভরাট করে ফেলা হয়েছে। এতে নৌপথের ১৩ কিলোমিটার অংশ প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। সাতটি স্থানে নদী ভীষণ সংকীর্ণ হয়ে গেছে। নৌযানগুলো নির্বিঘ্নে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছে। গাবতলী ও আমিনবাজারের মধ্যকার মিরপুর সেতুর নিচে সিন্নিরটেক, বিরুলিয়া ও আশুলিয়া এলাকায় তুরাগ নদের দুই পাড়ের সাতটি স্থানে বিরাট অংশ ভরাট করা হয়েছে। এ ছাড়া অনেক স্থানে নদীর জায়গায় অবৈধ স্থাপনা, রেস্তোরাঁ ও দোকানপাট করা হয়েছে।অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দায়িত্বশীল সূত্র জানায়, রাজধানীর চারপাশের বৃত্তাকার নৌপথ প্রকল্প বাস্তবায়নের আগে (মার্চ, ২০০৫) পুরো নৌপথটি অচল থাকত। ফলে কার্গো-জাহাজ চলাচল করতে পারত না। ৩৬ লাখ টাকা খরচ করে প্রকল্পের প্রথম পর্ব চালুর পর মালবাহী কার্গো চলাচলে বড় ধরনের সফলতা আসে। প্রতিদিন সাত থেকে আট হাজার ঘনফুট পাথর, সিমেন্ট, ইট ও বালুবাহী কার্গো চলাচল করছিল। সেগুলো কার্গো থেকে সরাসরি ট্রাকে উঠিয়ে নেওয়া হতো। এ ছাড়া সড়ক পথে নেওয়ার সমস্যার কারণে অনেক ব্যবসায়ী সদরঘাট থেকে নৌপথে চাল-ডাল এমনকি আসবাবও এই পথে আনা-নেওয়া করা শুরু করেন। কিন্তু নদী দখল ও ভরাটের কারণে দিনে দিনে নৌযানের সহজ চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে বৃত্তাকার নৌপথের দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। শেষ হওয়ার পর প্রথম পর্বের সঙ্গে যুক্ত হয়ে এর প্রকৃত সুফল পাওয়া যাবে। কিন্তু এ ধরনের ভরাটকাজ বন্ধ না হলে প্রকল্পটি অর্থহীন হয়ে পড়বে বলে সূত্র আশঙ্কা প্রকাশ করেছে। এ বিষয়ে নদী-সংক্রান্ত টাস্কফোর্সের অন্যতম সদস্য এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি পরিবেশবাদী আবদুল্লাহ আবু সায়ীদ প্রথম আলোকে বলেন, তিনি নিজেও এসব এলাকা দেখে বিস্মিত হয়েছেন। এভাবে দখল এবং অবৈধ স্থাপনা তৈরি হতে হতে নদী হারিয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এখনই জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও খারাপ অবস্থার সৃষ্টি হবে।বিআইডব্লিউটিএ সূত্রমতে, অনুমোদিত প্রকল্পের ডিজাইন অনুযায়ী প্রস্তুত করা প্রাক্কলনের ভিত্তিতে ড্রেজিংয়ের কাজ করা হয়েছিল। নদীর প্রশস্ততা ৩০০ থেকে সর্বোচ্চ ৫০০ ফুট পর্যন্ত থাকলেও তা নষ্ট হয়ে যাচ্ছে। ড্রেজ চ্যানেলের বাইরে কোথাও কোথাও চার ফুট পর্যন্ত গভীরতা রয়েছে, কিন্তু মূলপথে বেশির ভাগ জায়গায় ছয় ফুট পর্যন্ত গভীরতা আছে। উল্লিখিত সেতু থেকে আশুলিয়া পর্যন্ত অনেক স্থানে বালু ভরাট করার কারণে বৃত্তাকার নৌপথ বাধাগ্রস্ত হচ্ছে।রাজধানীর যানজট কমিয়ে আনার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ২০০৫ সালের মাঝামাঝি সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত ঢাকা শহরের চারদিকে বৃত্তাকার নৌপথ (ওয়াটার সার্কুলার-ওয়ে) চালু করে। সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার নৌপথে ১০টি ল্যান্ডিং স্টেশনও করা হয়। সাতটি ভরাট স্থান: আমিনবাজার সেতুর নিচে দুই ধারে বালু ভরাটের দৃশ্য দেখে হঠাৎ মনে হবে, ব-দ্বীপের আকৃতিতে বেশ কয়েকটি চর জেগে উঠেছে। দখলদারদের ভরাটের কারণে সৃষ্ট এসব কৃত্রিম চরে এরই মধ্যে ঘরবাড়িও নির্মাণ করা হয়েছে। রাখা হয়েছে সারি সারি বালু, লাকড়ি। ব্যবস্থা হচ্ছে ইট-পাথর রাখার। এমনকি এসব সামগ্রী পরিবহনে ট্রাক চলাচলের জন্য অস্থায়ী রাস্তাও করা হয়েছে। অপর পাড়েও বিশাল জায়গা ভরাট করে বালুর রমরমা ব্যবসা চলছে। মিরপুরের কোর্টবাড়ি এলাকায় বহু দিন থেকে বসবাস করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এমন একাধিক ব্যক্তি জানান, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এই নদী দখল করে ভরাট করেছেন। কয়েক মাস আগে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ ভরাট জায়গা দখলমুক্ত করে। কিন্তু উপযুক্ত তদারকির অভাবে আবার অনেক জায়গা ভরাট হয়ে যায়। দেখা গেলো সেতু থেকে প্রায় ১০০ গজ পূর্বে ঢাকা শহররক্ষা বাঁধের পাড় ঘেঁষে তুরাগ নদের প্রায় ১৫ বিঘা অংশ ভরাট হয়েছে কয়েক মাসের মধ্যে। এলাকাবাসী জানান, শুরুতে সরকারি লোকজন একাধিকবার এসে ভরাট কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পরে তাঁদের আসা বন্ধ হয়ে যায় এবং ভরাট চলে নির্বিঘ্নে। ভরাট করা জায়গাটি যে নদীরই অংশ, তার প্রমাণ মেলে সেতু এলাকা থেকে আশুলিয়ার দিকে বাঁধানো শহররক্ষা বাঁধের অংশ দেখে। আশুলিয়ায় ল্যান্ডিং স্টেশনের আশপাশে পুরো তিনটি স্থান ভরাট ও দখল করা হয়েছে। সেখানে বেসরকারি স্কেভেটর এনে বালু তোলা হচ্ছে ট্রাকে। মোটা পাইপের সাহায্যে নদী থেকেও বালু তোলা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত বালু ব্যবসায়ী আহম্মদ করিম বলেন, বিআইডব্লিউটিএর অনুমতি নিয়েই সব হচ্ছে।তবে বৃত্তাকার নৌপথ প্রকল্পের পরিচালক রকিব উদ্দিন হাওলাদার বলেন, নিয়মের বাইরে বিআইডব্লিউটিএ এ ধরনের অনুমতি কাউকে দেয় না। আমিনবাজার থেকে আশুলিয়া যাওয়ার পথে সিন্নিরটেক ও বিরুলিয়ায়ও দুটি স্থানে একই ভাবে বালু ভরাট করে নদীর বিশাল অংশ দখলের দৃশ্য দেখা যায়। নৌপথ প্রকল্পের পরিচালক বলেন, দেশের বিভিন্ন নদী রক্ষায় ৯৪৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই প্রকল্প বাস্তবায়ন করবে। তুরাগও এর আওতায় পড়েছে। প্রকল্প সম্পন্ন হলে তুরাগও দখলমুক্ত হবে বলে আশা করা যায়। নদীর মালিকানা দাবি: আমিনবাজার থেকে আশুলিয়া, যেখানেই ভরাট হয়েছে দখলদার ও তাঁদের লোকজন দাবি করেছেন উত্তরাধিকার সূত্রে তাঁরা ওই জমির মালিক। আমিনবাজারে একটি বেসরকারি পরিবহনের অংশীদার পরিচয় দিয়ে আবদুল জব্বার বলেন, তাঁর পিতামহ এখানে জমির মালিক ছিলেন। ক্যাডেস্ট্রাল জরিপ (সিএস) দাগে সে রকমই রয়েছে। কিন্তু জেলা প্রশাসন সূত্র দাবি করেছে, এখানে সরকারি খাসজমিগুলো বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের অধীনে তাদের মালিকানাধীন। পানি উন্নয়ন বোর্ড ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর তুরাগ নদের পূর্ব পাড় ঘেঁষে এখানে শহর রক্ষাবাঁধ নির্মাণ করে। সে সময় নদীর বাইরে যাঁদের জমি পড়েছে, তাঁদের জমির উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করা হয়েছিল। জেলা প্রশাসন ও পাউবোর ঢাকা অঞ্চল কার্যালয় থেকে বলা হয়, নদীর ভেতরের জায়গা সরকারি খাস সম্পত্তি। এটা কোনো ব্যক্তিবিশেষের হতে পারে না। সিএস দাগ নিরূপণ করেই প্রকৃত ভূমিমালিকদের ক্ষতিপূরণও দেওয়া হয়েছিল। কিন্তু এখন দখলদারেরা দাবি করেছেন, এই জমি তাঁদের পূর্বপুরুষের।জেলা প্রশাসক মহিবুল হক বলেন, পুনরায় চিহ্নিতকরণের জন্য বর্তমানে নতুন করে ঢাকার নদীগুলোর জরিপকাজ চলছে। জরিপে সবই ধরা পড়বে।