তুরাগতীর থেকে উদ্ধার নাজমুল হকের লাশ দাফন
তুরাগ নদের তীর থেকে উদ্ধারকৃত নাজমুল হকের লাশ আজ বৃহস্পতিবার তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার পার-সাতুরিয়ায় দাফন করা হয়েছে। নাজমুলের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে কাউখালী বন্দরের ব্যবসায়ীদের একটি সংগঠন আজ সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সব দোকানপাট বন্ধ রাখার কর্মসূচি পালন করছে।কাউখালী বন্দর ব্যবসায়ী সমিতির (উত্তর) সভাপতি মাহমুদ খান খোকন বলেন, ‘নাজমুল হক ছিলেন কাউখালী বন্দরের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ঢাকায় সন্ত্রাসীদের হামলায় তিনি নিহত হন। তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমাদের এই কর্মসূচি।’গত মঙ্গলবার ঢাকায় তুরাগ নদের পারে বালুর নিচ থেকে নাজমুল হক মুরাদ, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বদরপুর এলাকার ফোরকান ও একই উপজেলার নৈকাঠি এলাকার মিজানুর রহমান মিজানের লাশ উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে নাজমুল হক মুরাদ ও মিজানুর রহমান কাউখালীর অ্যাডভোকেট গিয়াস উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে রাজাপুর ও কাউখালী থানায় হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।