তুরাগে ডুবে যাওয়া বাসটিকে তীরে ওঠানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ নদে ডুবে যাওয়া বাসটিকে একটি বড় ট্রলার-জাতীয় নৌযানের (ভলগেট) সহায়তায় টেনে তোলার চেষ্টা চলছে। এই উদ্ধারকাজে অংশ নিয়েছে সেনাবাহিনীর দুটি রেকার। ভলগেট ও রেকারের সঙ্গে তারের রশি দিয়ে বাসটিকে বাঁধা হয়েছে।একই সঙ্গে নিখোঁজ বাসযাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।এর আগে নদী থেকে উদ্ধার হওয়া নিহত মকবুল হোসেন গাজীর (৩৮) পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। তাঁর বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সখীরপাড় গ্রামে। তিনি ঢাকায় রঙের ব্যবসা করতেন। তাঁর এক আত্মীয় রজ্জব আলী এ বছর হজে যাচ্ছেন। মকবুল হোসেন তাঁর সঙ্গে দেখা করতে গতকাল রোববার সাভার যাচ্ছিলেন।নিহত ব্যক্তির শ্যালক বোরহান উদ্দিন খালাশী তাঁর পরিচয় নিশ্চিত করেছেন। পরে স্থানীয় সাংসদ ও পুলিশ নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। ডুবে যাওয়ার ২৫ ঘণ্টা পর আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বৈশাখী পরিবহনের ওই বাসটির সন্ধান মিলেছে। সেতু থেকে ৫০ গজ দূরে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। দুপুরে উদ্ধারকারী দলের সমন্বয়কারী লে. কর্নেল মোজাফফর আহমেদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।বাসটির সন্ধানে দেরি হওয়ার অভিযোগে সাভারের এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আজ সকালে দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। সকাল পৌনে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মহাসড়কে অবরোধ প্রত্যাহারের করার বিষয়টি নিশ্চিত করেন।প্রসঙ্গত, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সালেপুর সেতুতে ওঠার সময় বৈশাখী পরিবহনের একটি বাস ৪০-৫০ জন যাত্রী নিয়ে তুরাগ নদে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে ছয় যাত্রী সাঁতরে ও ভেসে তীরে ওঠেন। এদের মধ্যে একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মনোয়ারা হাসপাতালে মারা যান।