তুরাগে ডুবে যাওয়া বাসের ৬০ শতাংশ ও ১০টি লাশ উদ্ধার
সাভারের আমিনবাজারে তুরাগ নদে ডুবে যাওয়া বাসটির ৬০ শতাংশ ওপরে তোলা হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ক্রেন ও সেনাবাহিনীর দুইটি রেকার দিয়ে বিকেল সোয়া পাঁচটার দিকে বাসটি টেনে তোলা হয়। এ সময় বাস থেকে আবদুল মোমিন (২৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পিতার নাম পটিক মিয়া। বাড়ি বগুড়ার সারিয়াকান্দির পাইকারতলী গ্রামে। তিনি ঢাকার রামপুরায় থাকতেন এবং রং মিস্ত্রির কাজ করতেন। মোমিনের খালাত বোন আছিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। বাস থেকে আজ মঙ্গলবার নয়টিসহ এখন পর্যন্ত ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানিয়েছিলেন, বিকেল চারটার দিকে বছিলা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। এঁদের একজন আনোয়ার হোসেন (৬০)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ের হলুদিয়া গ্রামে। তিনি ঢাকার মধুবাগের বাসিন্দা ছিলেন। অপর লাশটি প্রশান্ত ভৌমিকের (৫৫)। তাঁর বাড়ি ঝিনাইদহের হাটগোপালপুরে। তিনি হোমিওপ্যাথি চিকিত্সক ছিলেন। দুপুর দেড়টার দিকে বছিলা এলাকা থেকে অপর দুজনের লাশ উদ্ধার করা হয়। এঁদের একজন মজিবুর রহমান বিশ্বাস (৬৫)। অপরজন মহিলা, তাঁর পরিচয় পাওয়া যায়নি। আজ বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার ভাটিতে বছিলা এলাকা থেকেই এশিয়ান ইউনিভার্সিটির সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফুল ইসলাম (২৫) ও মাসুদ রানা (২৫) নামে এক ঠিকাদারের লাশ উদ্ধার করা হয়। আর সাড়ে ১১টার দিকে খোরশেদ আলম (৩০) নামে একজন পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করা হয়। সকাল সাতটা ২০ মিনিটে ওমর ফারুক (৫০) নামের এফডিসিতে কর্মরত একজনের লাশ উদ্ধার করা হয়। ওসি মাহবুবুর রহমান জানান, মজিবুর রহমান বিশ্বাসের বাড়ি সাভারের আড়াপাড়ায়। তিনি সোনালী ব্যাংকের বুয়েট শাখার ব্যবস্থাপক হিসেবে পাঁচ বছর আগে অবসরে যান। তাঁর ছেলে সোহেল আহমেদ তাঁর লাশ শনাক্ত করেন। আর আরিফের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তিনি মিরপুরে মেসে থাকতেন। ওই দিন টাকা আনতে সাভারের শাহীবাগ এলাকায় তাঁর বোনের বাসায় যাচ্ছিলেন তিনি। তাঁর বোন শিরিন সুলতানা আজ ভাইয়ের লাশ শনাক্ত করেন। মাসুদের বাড়ি বগুড়ার ধুনটে। তিনি ঢাকায় থেকে ঠিকাদারি ব্যবসা করতেন। তাঁর ফুপাত ভাই জাহাঙ্গীর আলম তাঁর লাশটি শনাক্ত করেছেন। খোরশেদ আলমের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। তিনি সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ডাড গার্মেন্টসে কাজ করতেন। তাঁর স্ত্রী জ্যোত্স্না বেগম স্বামীর লাশ শনাক্ত করেছেন। ওমর ফারুকের বাড়ি সাভারে। তিনি এফডিসিতে ছবি তুলতেন। তাঁর ছেলে কাউসার বাবার লাশটি শনাক্ত করে।সাভার থানার ওসি জানান, এ নিয়ে এ পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাসের ভেতর থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে নদের তলদেশ থেকে মকবুল হোসেন কাজী (৩৮) নামের এক বাসযাত্রীর লাশ উদ্ধার করা হয়। এর আগে গত রোববার দুর্ঘটনার পরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের ছাত্রী মনোয়ারা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকেরা।দুর্ঘটনাকবলিত বাসের সন্ধানে সময় লাগা প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ কায়কোবাদ বলেন, অবস্থানগত কারণে এমনটি হয়েছে। এখানে উদ্ধারকাজের জন্য যে ধরনের নৌযানের প্রয়োজন, দুর্ঘটনাস্থলের অবস্থানগত কারণে সেখানে এগুলো পৌঁছনো সম্ভব নয়। তুরাগ নদের কোথাও কোথাও পাঁচ ফুটের মতো পানি আছে, যেখান দিয়ে ভারী নৌযান চলাচল সম্ভব নয়।প্রসঙ্গত, রাজধানীর বাড্ডা থেকে সাভারগামী বৈশাখী পরিবহনের একটি বাস রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে সালেহপুর সেতুতে ওঠার সময় তুরাগ নদে পড়ে ডুবে যায়। ঘটনার ২৫ ঘণ্টা পর গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সালেহপুর সেতুর প্রায় ২০০ গজ দূরে ৪০ ফুট পানির নিচে বাসটির সন্ধান পান উদ্ধারকর্মীরা।