তুরাগে বাসডুবি: তল্লাশি শেষের ঘোষণা দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরাগ নদে বাস দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের তল্লাশির অভিযান শেষ হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে তিনটায় এ ঘোষণা দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শাকিল আহমেদ। শাকিল আহমেদ জানান, আর কোনো লাশ পাওয়ার সম্ভাবনা না থাকায় বিকেল সাড়ে তিনটায় তল্লাশি অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আজ ছয় কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চলে। সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার সকাল ১০টা থেকে দুুপুর দুইটা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি চালায়। এই হেলিকপ্টার পানি থেকে ১০০ ফুট ওপর দিয়ে দুরবিনের সাহায্যে তল্লাশি চালায়। এ সময় আর কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। তাই তল্লাশি কার্যক্রম শেষের ঘোষণা দেওয়া হয়েছে। গত রোববার সংঘটিত সাভারের আমিনবাজারে বাস দুর্ঘটনায় আজ আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাড্ডা থেকে সাভারগামী বৈশাখী পরিবহনের একটি বাস প্রায় ৫০ জন যাত্রী নিয়ে সালেহপুর সেতুতে ওঠার সময় তুরাগ নদে পড়ে ডুবে যায়।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে মাওলানা হাফিজুর রহমানের (৪০) লাশ উদ্ধার করা হয়। তিনি পঙ্গু হাসপাতালের মসজিদে ইমামতি করতেন। তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরে চানপুর এলাকা থেকে সেনাবাহিনীর তল্লাশি দল তাঁর লাশ উদ্ধার করে। নিহত হওয়া ইমামের ভগ্নিপতি মাওলানা দেলোয়ার হোসেন তাঁর লাশ শনাক্ত করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে দুপুর একটার দিকে সাভারের ফুলবাড়িয়ার পানপাড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে বেলা দুইটার দিকে সেতু থেকে দেড় কিলোমিটার দূরে লালন সরদার (২৩) নামে আরও এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। লালনের বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়। তাঁর বাবার নাম দুলাল সরদার। লালনের খালাতো ভাই আমির হোসেন লাশের পরিচয় নিশ্চিত করেন। দুলাল গুলশানের একটি চায়নিজ রেস্তোরাঁয় কাজ করতেন। তিনি সাভারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল মঙ্গলবার নয়জনের লাশ উদ্ধার করা হয়। গত সোমবার নদের তলদেশ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। রোববার দুর্ঘটনার পরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের ছাত্রী মনোয়ারা খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।উদ্ধারকর্মীরা গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সালেহপুর সেতুর প্রায় ২০০ গজ দূরে ৪০ ফুট পানির নিচে বাসটির সন্ধান পান। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় বাসটি উদ্ধার করা হয়।