পরিবেশ অধিদপ্তর আশুলিয়া স্লুইসগেটের পূর্ব দিকে গোড়ানচটবাড়ী এলাকায় তুরাগ নদ ও এর তীরভূমিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু, মাটি ও ইট উদ্ধার করেছে। ওই এলাকায় প্রায় সোয়া চার একর জায়গা অবৈধভাবে ভরাট করেছিল একটি আবাসন কোম্পানি।গতকাল বুধবার অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এই অভিযান চালায়। সাত ঘণ্টার অভিযানে তুরাগ নদ থেকে প্রায় ১০ হাজার ঘনফুট বালু, মাটি ও ইট উদ্ধার করা হয়। সেখানে বালু, ইট ও মাটি আছে প্রায় ২০ লাখ ঘনফুট।অন্যদিকে অননুমোদিত আবাসন কোম্পানির বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গতকাল ১২টি বিলবোর্ড-সাইনবোর্ড উচ্ছেদ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।তুরাগ নদে অভিযান: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন (২০১০) ও জলাধার সংরক্ষণ আইনের (২০০০) তোয়াক্কা না করে প্রায় ছয় মাস ধরে তুরাগ নদ ভরাটের কাজ করছিল স্টার হাউজিং লিমিটেড নামের আবাসন কোম্পানি। পরিবেশ অধিদপ্তরের হিসাবমতে, এ সময়ে তুরাগের এক হাজার ২০০ ফুট দৈর্ঘ্যের ও ২৫০ ফুট প্রস্থের তীরভূমি ভরাট করে এই কোম্পানি। সেখানে প্লটও বরাদ্দ দেয় তারা।অভিযানকারী দলের প্রধান পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, নদী ভরাট ও দখলের বিরুদ্ধে এটিই পরিবেশ অধিদপ্তরের এ যাবৎকালের সবচেয়ে বড় অভিযান।মুনীর চৌধুরী বলেন, মাস দুয়েক আগে তুরাগে সীমানাখুঁটি স্থাপন করা হচ্ছিল। অবৈধ ভরাট অংশ উচ্ছেদ করার মাধ্যমে প্রমাণ পাওয়া যাচ্ছে যে, সীমানাখুঁটি পোঁতা অব্যাহত থাকলে নদের অনেক জায়গা হারিয়ে যেত।উল্লেখ্য, গাজীপুর জেলা প্রশাসন তুরাগে সীমানাখুঁটি স্থাপনের কাজ শুরু করেছিল। পরিবেশবাদী ও গণমাধ্যমের প্রতিবাদের মুখে তা বন্ধ হয়ে যায়।র্যাব-২-এর সদস্যদের সহায়তায় গতকালের অভিযানে বিআইডব্লিউটিএর একটি জাহাজ ও বার্জ ব্যবহার করা হয়। সকালে নদীপথে মাটি খনকযন্ত্র (এক্সকেভেটর ) এনে অভিযান শুরু হয়। এরপর এক্সকেভেটর ব্যবহার করে নদীগর্ভ থেকে প্রায় ১০ হাজার ঘনফুট বালু, মাটি ও ইট অপসারণ করা হয়।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ভরাটকারী কোম্পানি স্টার হাউজিং লিমিটেডের মালিক গোলাম ফারুক নামের এক ব্যক্তি। নোটিশ দিয়ে সাবধান করার পরও কোম্পানিটি মাটি সরিয়ে নেয়নি। অভিযানকালে প্রকল্পের বা ভরাটকারীদের কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন জানান, এরই মধ্যে ওই আবাসন প্রকল্পের প্লট বিক্রিও করা হয়েছে।অধিদপ্তরের সূত্রমতে, অবৈধ আবাসন প্রকল্পের কারণে তুরাগের স্বাভাবিক গতিপ্রবাহে বিশাল বাধার সৃষ্টি হয়েছে। এ ছাড়া নৌপথটি প্রায় ৫০ ফুট সংকুচিত হয়ে যায় এবং ওই স্থানে জাহাজ বা বড় নৌযান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রতিদিন এ নৌপথে ৩০০ থেকে ৪০০ অভ্যন্তরীণ জাহাজ ও ট্রলার চলাচল করে।এ ছাড়া দখলের কারণে তুরাগ নদের জীববৈচিত্র্য ধ্বংস, মৎস্যসম্পদ বিনষ্ট এবং নদের সার্বিক পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অধিদপ্তর দাবি করছে।অভিযানকারী দলের সদস্যরা জানিয়েছেন, ওই স্থানে নদীগর্ভের ১৫ ফুট গভীরতায় দখলদারেরা ভরাটকাজ করেছে। দখলদারেরা রাতের অন্ধকারে বালু ও মাটি ফেলে ভরাটকাজ করে বলে স্থানীয় বাসিন্দারা জানান। নদীর অংশ সম্পূর্ণ দখলমুক্ত করতে এক সপ্তাহেরও বেশি সময় লাগবে বলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক জানান।রাজউকের অভিযান: অননুমোদিত আবাসন প্রকল্পের বিলবোর্ড, সাইনবোর্ডের বিরুদ্ধে রাজউক গতকাল অভিযান চালায় রাজধানীর মিরপুর এলাকায়। হাইকোর্টের রায় বাস্তবায়নের প্রাথমিক কাজ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে মিরপুর ১২ নম্বর রোড থেকে এন এম হাউজিং লিমিটেডের সাগুফতা আবাসিক প্রকল্প, চিড়িয়াখানার কাছে নাসিম সিটি প্রকল্প ও তামান্না লিমিটেডের বিলবোর্ড উচ্ছেদ করা হয়।এ ছাড়া মিরপুর বোটানিক্যাল গার্ডেন, বেড়িবাঁধ, সিন্নিরটেক ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। সাইনবোর্ড ও বিলবোর্ডগুলো ছিল প্রিন্স সিটি, জনক-জননী রিয়েল এস্টেট প্রকল্প, আলতাসা গ্রুপের গ্রিন মডেল টাউন, সারিয়া রিয়েল এস্টেট প্রকল্প, আস্থা রিয়েল এস্টেট, অনামিয়া রিয়েল এস্টেট, কৃষিবিদ গার্ডেন সিপি, স্বর্ণদ্বীপ গার্ডেন সিটি, কৃষিবিদ ওয়েলফেয়ার, বিশ্বাস বিল্ডার্সের বিশ্বাস লেক সিটির।রাজউকের উপপরিকল্পনাবিদ আশরাফ আলী আকন্দের নেতৃত্বে অভিযান অনুমোদনকারী কর্মকর্তা জি এম এ হালিম, ম্যাজিস্ট্রেট মারুফ হাসান ও সহকারী পরিকল্পনাবিদ নূর-এ খোদা উপস্থিত ছিলেন।বসুধার প্রতিবাদ: গত মঙ্গলবার বিলবোর্ড-সাইনবোর্ড উচ্ছেদ অভিযানে সাত মসজিদ রোডে অবস্থিত বসুধা সিটির সাইনবোর্ডটি উচ্ছেদ করা সঠিক হয়নি বলে দাবি করেছেন বসুধা বিল্ডার্স লিমিটেডের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন। গতকাল বুধবার প্রথম আলোয় উচ্ছেদের খবরটি ছাপা হয়েছিল। এক প্রতিবাদপত্রে এ বিষয়ে বলা হয়, বসুধা সিটি নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবস্থিত যথাযথভাবে অনুমোদিত একটি প্রকল্প। এই এলাকা ড্যাপের আওতামুক্ত।