তুর্কি উপপ্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা, বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের জন্য গতকাল মঙ্গলবার ক্ষমা চেয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী বুয়েন্ত আরেঞ্চ। তবে পঞ্চম দিনের মতো গতকালও দেশটিতে সহিংস বিক্ষোভ অব্যাহত ছিল।আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুয়েন্ত আরেঞ্চের ক্ষমা চাওয়ার বিষয়টি সরকারের বক্তব্য কি না, তা পরিষ্কার নয়। প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান চার দিনের সফরে মরক্কো গেছেন। তাঁর অবর্তমানে আরেঞ্চ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।আরেঞ্চ বলেন, পরিবেশ রক্ষায় বিক্ষোভ বা প্রতিবাদ যৌক্তিক এবং আইনসিদ্ধ। পুলিশ দিয়ে বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ ছিল ভুল।আজ বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করবেন আরেঞ্চ। গতকাল তিনি জানিয়েছেন, সত্যিই যাঁরা ইস্তাম্বুলের পার্ক রক্ষার জন্য আন্দোলনের ডাক দিয়েছেন, তাঁদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আরেঞ্চ বলেন, ‘লোকের মন থেকে সংশয় দূর করতে হবে। এ জন্য তাদের সঙ্গে কথা বলতে হবে।’ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে উদ্যানের কিছু অংশ ধ্বংস করে বিপণিবিতান নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে গত শুক্রবার বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তিপ্রয়োগ করে সরকার। পরে প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) বিরুদ্ধে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত পাঁচ দিন ধরে তুরস্কের বিভিন্ন শহরে এই সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। উপপ্রধানমন্ত্রী আরেঞ্চের ক্ষমা চাওয়ার কয়েক ঘণ্টা পরই ইস্তাম্বুলে পুলিশের সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ও পানি ছোড়ে পুলিশ।চলমান সরকারবিরোধী বিক্ষোভে সংহতি জানিয়ে গতকাল সে দেশের শ্রমিক সংগঠনগুলো দুই দিনের ধর্মঘট ডেকেছে। খেস্ক নামের বামপন্থী ১১টি শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত ট্রেড ইউনিয়ন জোট ধর্মঘটের ডাক দেয়। এই জোট দুই লাখ ৪০ হাজারের মতো শ্রমিকের প্রতিনিধিত্ব করে। সংগঠনটির অভিযোগ, সরকার দেশে ‘ত্রাসের রাজত্ব’ কায়েম করতে চাইছে। তারা গণতন্ত্রের ভিতকে দুর্বল করে দিচ্ছে।