তুর্কি ও কুর্দি সেনাদের সংঘর্ষে নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি সেনাদের একটি শিবিরে তুর্কি সেনারা হেলিকপ্টার নিয়ে অভিযান চালিয়ে আজ সোমবার ছয়জন কুর্দি বিদ্রোহীকে হত্যা করেছে। রয়টার্সের খবরে বলা হয়, তুরস্কের ইরাক-ইরান সীমান্তবর্তী পার্বত্য এলাকায় অবস্থিত হাক্কারি প্রদেশের কুকুরকা এলাকায় ওই সংঘর্ষে একজন তুর্কি সেনা এবং একজন গ্রামবাসীও নিহত হয়। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকযুদ্ধ চলার সময় চারজন তুর্কি সেনা ও তিনজন কুর্দি বিদ্রোহী আহত হন।কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) গত কয়েক মাসে তুরস্কের বিভিন্ন সামরিক স্থাপনায় বেশ কিছু হামলা চালিয়েছে। ১৯৭৮ সাল থেকে স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে পিকেকে। আধুনিক তুরস্ক, ইরাক, ইরান, সিরিয়া ও আর্মেনিয়ার যে অঞ্চল নিয়ে মধ্যযুগে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান ছিল, সেটিই স্বাধীন করতে লড়ছে পিকেকে। ১৯৮৪ সালে সংগঠনটি কুর্দিস্তানের স্বাধীনতার দাবিতে সশস্ত্র যুদ্ধ শুরু করে। তবে তুর্কি সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পিকেকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।