তুর্কি বিমানের ওপর সিরিয়ার নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার আকাশসীমা দিয়ে তুরস্কের যাত্রীবাহী বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দামেস্ক। গতকাল শনিবার স্থানীয় সময় মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আজ রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনীর জন্য রাশিয়ার তৈরি অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে—এমন অভিযোগে গত বুধবার সিরিয়ার একটি যাত্রীবাহী বিমানকে রাজধানী আঙ্কারায় অবতরণে বাধ্য করে তুরস্ক। পরে বিমানটি থেকে কয়েকটি কার্গো জব্দ করে কর্তৃপক্ষ। ঘটনার কয়েক ঘণ্টা পর বিমানটিকে আঙ্কারা ত্যাগের অনুমতি দেওয়া হয়। তুরস্ক দাবি করেছে, জব্দ করা ওই কার্গোতে অস্ত্র পাওয়া গেছে। তুরস্কের এ অভিযোগ মিথ্যা উল্লেখ করে সিরিয়ার বিমান থেকে জব্দ করা মালামাল জনগণের সামনে উপস্থাপনের জন্য আঙ্কারার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দামেস্ক।এদিকে ওই ঘটনার প্রতিক্রিয়ায় সিরিয়ার আকাশসীমা দিয়ে তুরস্কের যাত্রীবাহী বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল দামেস্ক।সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঙ্কারা যেমন আচরণ করেছে, তাদের সঙ্গে একই আচরণ করা হয়েছে।আঙ্কারা জানিয়েছে, বিমানে অস্ত্রভর্তি কার্গো থাকার সন্দেহ হলে, তারা সিরিয়ার যাত্রীবাহী বিমানকে অবতরণে বাধ্য করবে।গত সপ্তাহে সিরিয়ার মর্টার হামলায় তুরস্কের পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়। এরপর দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বেড়ে যায়। ইতিমধ্যে দেশ দুটির মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি মর্টার হামলার ঘটনাও ঘটেছে।